চলচ্চিত্রের নবাগতা নাজনীন আকতার হ্যাপী। ক্রিকেটার রুবেলের সঙ্গে প্রেম, মামলা এবং অনেক আলোচনা-সমালোচনার পর মিডিয়া থেকে গুটিয়ে নিলেন নিজেকে। বেছে নিলেন ধর্ম-কর্ম। হলেন পর্দানশীল। ফেসবুকে ধর্ম প্রচারক হিসেবেও তার নতুন জনপ্রিয়তা গড়ে ওঠে।
তবে মিডিয়া ছাড়ার আগে সর্বশেষ তিনি অংশ নিয়েছেন শফিক হাসান পরিচালিত ‘ধুমকেতু’ ছবির একটি আইটেম গানে। যে গানে হ্যাপী ছাড়াও পারফর্ম করেছেন শাকিব খান, অমিত হাসান ও পরীমনি।
হ্যাপী মিডিয়া থেকে সরে দাঁড়ানোর প্রায় দেড় বছর পর তাকে এবার সেই গানের মাধ্যমে পাওয়া গেল পুরনো আবহে। যা দেখে তার বর্তমানের সঙ্গে মেলানো দায়!
‘মাঝে মাঝে আসি’ শিরোনামের এই গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। আহমেদ হুমায়ুনের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন পুলক, রমা, মুন এবং সংগীত পরিচালক নিজেই। লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে ৫ ডিসেম্বর। গেল দুদিনে গানটির ভিউয়ার হয়েছে দুই লাখ ২৮ হাজারেরও বেশি।
ত্রিভুজ প্রেমের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘ধুমকেতু’ ছবিটি। গেল ১৪ নভেম্বর এটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ১৬ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে এটি।
প্রসঙ্গত, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় হ্যাপীর অভিষেক হয়। এরপর তিনি ‘আসল মানুষ’ নামের আরেকটি ছবিতেও অভিনয় করেন। এটি মুক্তি পাচ্ছে ২০১৭ সালের প্রথম দিকে।
হ্যাপীর আইটেম গানটি দেখুন এই লিংকে:
/এস/এমএম/







