বলিউড দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের প্রথম ছেলের নাম তৈমুর রাখা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র সমালোচনা। এবার সাইফিনা দম্পতির পাশে দাঁড়িয়ে সমালোচনাকারীদের একহাত নিলেন বলিউডের প্রবীন অভিনেতা ঋষি কাপুর।
বরাবরের মতো টুইটারের আশ্রয় নিয়ে সমালোচনাকারীদের ওপর বেজায় চটেছেন ঋষি। একাধিক টুইটে সমালোচনাকারীদের নিজের বিষয় নিয়ে ভাবতে বলেন। বুধবার প্রথম টুইটে তিনি লিখেছেন, ‘মা-বাবা তাদের সন্তানের কী নাম রাখছে তা নিয়ে মানুষের এত মাথা ব্যথা কেন? আপনারা নিজের চরকায় তেল দেন।এতে আপনাদের কিছুই যায় আসে না। বাবা-মায়ের ইচ্ছা।’
এ টুইটের পর ধরে ধরে সমালোচনাকারীদের জিজ্ঞেস করেন ঋষি। তৈমুর নাম রাখা নিয়ে তাদের সমস্যা কেন। এরকম বেশ কয়েকজনকে অন্যের বিষয় নিয়ে মাথা না ঘামানোর আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে ভারতের মুম্বাই শহরের একটি হাসপাতালে সাইফিনা দম্পতির প্রথম ছেলের জন্ম হয়। এরপর বাবা সাইফ ও মা কারিনা একটি লিখিত বিবৃতিতে ছেলের জন্মের খবর ও নাম সবাইকে জানান। তারা ছেলের নাম রাখেন তৈমুর আলী খান পতৌদি। ছেলের নাম তৈমুর রাখায় তোপের মুখে পড়েছেন এই দম্পতি।
সাইফিনা দম্পতির বিরুদ্ধে অভিযোগ, ‘দুর্ধর্ষ স্বৈরাচারী’ শাসক তৈমুর লংয়ের নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন তারা। বর্তমান আফগানিস্তান, ইরান, সিরিয়া, বাগদাদ ও জর্জিয়ার এক বিরাট অংশে সাম্রাজ্য বিস্তার করেছিলেন তৈমুর লং।
অপরদিকে, তৈমুর নামটির সঙ্গে ভারতীয় উপমহাদেশের ইতিহাস ভীষণভাবে জড়িত। তার বংশধর হলো তিন শতাব্দী ধরে ভারতীয় উপমহাদেশ শাসন করা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর। অভিযোগ রয়েছে, ১৩৯৮ খ্রিস্টাব্দে দিল্লি দখলের অভিযানে হাজার হাজার ভারতীয়কে হত্যা করেন তৈমুর।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এএ/এমএম/



