গেল অক্টোবরে জোটবদ্ধ হয়েছেন সংগীতের চার তরুণ। গড়েছেন অ্যাকুস্টিক ঘরানার ব্যান্ড ‘নোনতা বিস্কুট’। জন্মের তিন মাসের মাথায় বড়সড় আয়োজনের মাধ্যমে প্রকাশ হলো ব্যান্ডটির প্রথম অ্যালবাম। নাম ‘তোরই শহরে’।
শুক্রবার বিকালে শহরের রাশিয়ান কালচারাল সেন্টারে এই লক্ষ্যে আয়োজন হয় ভিন্ন মাত্রার একটি কনসার্ট। যেখানে ‘নোনতা বিস্কুট’-এর বাইরে মূল চমক হিসেবে নিজের গান ও গিটার নিয়ে উপস্থিত ছিলেন বেজবাবাখ্যাত অর্থহীনের সুমন। ‘নোনতা বিস্কুট’কে শুভেচ্ছা জানিয়ে এদিন কনসার্টে আরও অংশ নেয় ব্যান্ড বে অব বেঙ্গল, ব্লু জিন্স, পরাহ, অ্যলেরিয়ন, দ্য ট্রি এবং সংগীতশিল্পী জয় শাহরিয়ার।
গান-গল্পে সাজানো অন্যরকম এই মোড়ক উন্মোচন কনসার্ট চলে বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।
আজব রেকর্ডস থেকে প্রকাশিত ‘তোরই শহরে’ অ্যালবামে গান রয়েছে ৮টি। যার প্রতিটি গানই শ্রোতাদের কাছে মনে হতে পারে ভিন্ন কথা-সুর-সংগীতে গাঁথা। শিরোনামগুলো হচ্ছে এমন- ‘তোরই শহরে’, ‘পরাধীন’, ‘অপূর্ণতা’, ‘তুমি মুখোশ’, ‘পৃথিবী সুন্দর’, ‘শিল্প আমার’, ‘অলস প্রহর’ এবং লালনের গান ‘সহজ মানুষ’। মৌলিক গানগুলোর ছয়টির কথা ও সুর মহান ফাহিমের। বাকিটি লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল শেখ ইশতিয়াক। গানগুলো ব্যান্ডটির নিজস্ব স্টুডিও ‘উড স্টেশন’-এ রেকর্ড হয়েছে।
গানগুলো এখন শুনতে পাওয়া যাচ্ছে জিপি মিউজিক, আইটিউনস, অ্যামাজন মিউজিক, স্পটিফাইসহ অন্তর্জালে আন্তর্জাতিক মিউজিক স্টোরগুলোতে।
‘নোনতা বিস্কুট’ সদস্যদের ভাষায়, ‘আমরা খুব সুস্বাদু অথবা চটকদার কিছু দিতে চাই না। আবার স্বাদহীন কিছুও না। আমরা চাই নোনতা বিস্কুটের মতো কিছু একটা করতে। আশা করছি আমাদের গানগুলো শুনলে সেই স্বাদটা পাবেন।’
‘নোনতা বিস্কুট’-এর সদস্যরা হলেন- মহান ফাহিম (গিটার), শেইখ ইশতিয়াক (ভোকাল), নাবিদ সালেহিন নিলয় (বেইজ) এবং মনিরুজ্জামান মনির (কাহন)।
/এমএম/



