এবার অন্য কারণে ঢাকায় পরমব্রত

বিনোদন রিপোর্ট
০১ মার্চ ২০১৭, ১২:২০আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৬:১২

‘ভুবন মাঝি’র একটি দৃশ্যে পরমব্রত বাংলাদেশের মোট দুটি ছবিতে অভিনয় করেছেন কলকাতার নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ ও ফাখরুল আরেফীন খানের ‘ভুবন মাঝি’। দুটো ছবিই মুক্তি প্রতিক্ষীত।

আর এই দুটি ছবির শুটিং সুবাদে গেল দেড় বছরে বেশ ক’বার তিনি ঢাকা-কলকাতা আসা-যাওয়া করেছেন। দুটোর কাজই শেষ হয়েছে গেল বছরের শেষ দিকে।
এদিকে কোনও শুটিং সিডিউল ছাড়াই আজ, বুধবার সকালে ঢাকার মাটিতে পা ফেলেছেন পরমব্রত। কারণ, এবারের উদ্দেশ্য তার ভিন্ন। শুটিং নয়, বরং ঢাকার পর্দায় নিজেকে দেখতে কেমন লাগে, এখানকার দর্শকরা তাকে কিভাবে বরণ করেন আলো-আঁধারী প্রেক্ষাগৃহে- সেটাই নিজ চোখে দেখতে এসেছেন।
এটাও জানিয়েছেন, কখনও বাংলাদেশের কোনও প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার সুযোগ হয়নি তার! তাই এবার সেই অপূর্ণতা ঘোচাতেই ঢাকার মাটিতে পা দিলেন পশ্চিমবঙ্গের বেশ জনপ্রিয় এ অভিনেতা। তার অভিনীত ‘ভুবন মাঝি’ আগামী ৩ মার্চ ঢাকার চারটি সিনেপ্লেক্সসহ সারাদেশের মোট ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মূলত এদিন রাজধানীর বেশ ক’টি প্রেক্ষাগৃহে ঢুঁ মারবেন পরমব্রত। বিষয়টি জানিয়েছেন ছবির পরিচালক ফাখরুল আরেফীন খান।
ঢাকার গাড়িতে উঠে পরমব্রতর সেলফি তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরমব্রত আজ (১ মার্চ) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। তার সঙ্গে আছেন ছবিটির সংগীত পরিচালক কালিকাপ্রসাদও। পরমব্রত ৩ তারিখ কলকাতা ফিরে যাবেন। যাওয়ার আগে এদেশের দর্শকদের সঙ্গে হলে বসে নিজের ছবিটি উপভোগ করবেন।’
এদিকে পরমব্রতকে স্বাগত জানাতে বুধবার সকালে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পরিচালক এবং ছবির অন্যতম দুই চরিত্র অপর্ণা ঘোষ ও মাজনুন মিজান।
আজ থেকে আগামী দু’দিন বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানে সরাসরি অংশ নেওয়ার কথা রয়েছেন অপর্ণা ও পরমব্রতের। এছাড়া আজ, বুধবার বিকালে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয়েছে ছবিটির বিশেষ প্রদর্শনীর। সেখানেও তারা উপস্থিত থাকবেন।

/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প