ব্যান্ড অবসকিওর। শুরুটা ১৯৮৫ সাল, খুলনায়। এরপর পাড়ি দিয়েছে দীর্ঘ ৩১টি বছর। কিন্তু জানেন কি, বহু সফল গান আর কনসার্ট মাত করা এ ব্যান্ডটি কখনও ভিনদেশে গান গায়নি!
তবে আশ্চর্যজাগানিয়া এ ধারাবাহিকতায় এবার সমাপ্তি ঘটছে। কারণ প্রথমবারের মতো বিদেশের মাটিতে গাইতে যাচ্ছে ব্যান্ডটি। দেশ অস্ট্রেলিয়া।
দলটির প্রধান ও গায়ক সাইদ হাসান টিপু জানালেন তথ্যটি।
চলতি মার্চ মাসের শেষ দিন থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশটির বিভিন্ন শহরে গাইবেন তারা।
টানা ৩১ বছর পর দেশের বাইরে প্রথম গাইতে যাওয়া প্রসঙ্গে টিপু বলেন, ‘কোনও ভালো কাজ করতে চাইলে তাকে ধরে রাখতে হয়। এ পর্যন্ত বিদেশে একা শো করবার আমন্ত্রণ বহুবার এসেছে। কখনও রাজি হয়নি। কারণ ব্যান্ড ছাড়া বিদেশ যেতে চাইনি। আমি ব্যান্ডটিকেই গুরুত্ব দিয়েছি। এবার সব কিছু আমাদের চাওয়া মতো হয়েছে। তাই আমাদের অপূর্ণতা যেমন পূরণ হবে তেমনি প্রবাসী বাঙালিদের সঙ্গে ভালো কিছু সময় কাটাতে পারব।’
আগামী ৩১ মার্চ ক্যানবেরাতে হবে তাদের প্রথম কনসার্ট। এরপর ১ এপ্রিল নিউ ক্যাসেল, ২ এপ্রিল সিডনি ও ৮ এপ্রিল অ্যাডিলেডে গাইবে অবসকিওর। কনসার্টগুলোর আয়োজক বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু পরিষদ।
টিপু জানালেন, এগুলো মূলত স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা। এছাড়া বৈশাখকে কেন্দ্র করে সেখানে আরও কয়েকটি কনসার্টে গাওয়ার সম্ভাবনা আছে দলটির।
কনসার্টে অংশ নিতে আগামী ২৫ মার্চ অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে অবসকিওর। ২৫ এপ্রিল দেশে ফিরবে দলটি।
অবসকিওর ব্যান্ডের বর্তমান লাইনআপ- টিপু (গায়ক), রাজু (বেজ), শান্ত (গিটার), রিঙ্কু (ড্রামস), শাওন (কি-বোর্ড), শব্দ প্রকৌশলী আজম বাবু।
/এমএম/



