কিছুদিন আগে কলকাতার কবি শ্রীজাত বন্দোপাধ্যায়ের একটি কবিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোই ঝড় তোলে। এমনকি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে মামলাও হয় তার বিরুদ্ধে। এবার এই খ্যাতনামা কবি গান লিখেছেন ঢাকার কণ্ঠশিল্পী সিঁথি সাহার জন্য।
গানের শিরোনাম ‘আমি তোমাকে চাই’। এটির সুর-সংগীত করেছেন সেই বাংলারই ইন্দ্রদীপ দাশগুপ্ত।
গানটির তৈরির পেছনের গল্প সম্পর্কে সিঁথি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘‘কলকাতার ছবি ‘বোঝে না সে বোঝে না’-এর গানগুলো শোনার পর থেকেই আমি ইন্দ্রদীপ দাশগুপ্তর ভীষণ ভক্ত। আর শ্রীজাত দা’র লেখা তো আগে থেকেই পড়ি। এছাড়া আমি কলকাতার ‘সারেগামাপা’ সংগীত অনুষ্ঠানের প্রতিযোগীও ছিলাম। তখন থেকেই একটা যোগাযোগ হতো তাদের সঙ্গে।’’
সিঁথি আরও বলেন, ‘গানটির জন্য কিছুদিন আগে ফেসবুকে যোগাযোগ করেছিলাম ইন্দ্রদীপদা’র সঙ্গে। এরপর তিনিই সব কিছু ব্যবস্থা করেন।’
শিল্পী জানালেন, গত সেপ্টেম্বরে কলকাতার সনিক স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। আর আজ (২ মে) রাতে রাজধানীর এক অভিজাত ক্লাবে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটির ভিডিও প্রকাশ পাচ্ছে অন্তর্জালে।
‘আমি তোমাকে চাই’ গানটি অগ্নিবীণা থেকে প্রকাশিত হচ্ছে। ইউটিউব চ্যানেলে ভিডিওটি অবমুক্ত হবে রাত ৮টার দিকে।
/এম/এমএম/



