কান উৎসবের সবচেয়ে বড় জৌলুস ছড়িয়ে থাকে লালগালিচায়। প্রতিবারের মতো বুধবার (১৭ মে) ৭০তম কান উৎসবের উদ্বোধনী দিনে ঝকঝকে আর চকচকে দামি গাড়ি থেকে নেমে লালগালিচায় পা ফেলেছেন তারকারা। আলোকচিত্রীদের ক্যামেরা ফ্ল্যাশ জ্বলে উঠছে তাদের পেয়ে।
লালগালিচায় ২৪ কদম এগোলে তারকারা পাচ্ছেন পালে দো ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ঢোকার ফটক। এখানেই রোজ হচ্ছে প্রতিযোগিতা বিভাগের ছবির প্রদর্শনী।
কানের বিখ্যাত লালগালিচার দৈর্ঘ্য ৬০ মিটার (প্রায় ১৯৭ ফুট)। প্রতিদিন প্রতিযোগিতা বিভাগের প্রতিটি ছবির প্রদর্শনী শুরুর আগে নতুন গালিচা বসানো হয়। অর্থাৎ এখানে দিনে ব্যবহৃত হচ্ছে ১৮০ মিটার লালগালিচা।
প্রথম দিন লালগালিচায় হেঁটেছেন অনেক তারকা, নির্মাতা, কলাকুশলী। তাদের মধ্যে আলাদাভাবে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও মল্লিকা শেরাওয়াত।
দ্যুতি ছড়িয়েছেন অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যান, জার্মান অভিনেত্রী ডায়ান ক্রুজার, ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ, মারিয়ন কঁতিয়া, শাহলোট গেইন্সবুর্গ, বেরেনিস বেজো, ইভা গ্রিন, মার্কিন অভিনেত্রী জুলিয়ান মুর, নাওমি হ্যারিস, ব্লেক লিভলি, ইভা লঙ্গোরিয়া, লিলি কলিন্স, ইতালিয়ান অভিনেত্রী এশিয়া আর্জেন্টো।
হেঁটেছেন উমা থারম্যান, মিশেল উইলিয়ামস, কার্স্টেন ডান্সট, হলিউড অভিনেতা জনি ডেপের কন্যা লিলি-রোজ ডেপ, এলে ফ্যানিং, ইরিনা শায়েক, টিল্ডা সুইনটন, রবিন রাইট, মিশেল ইও এবং প্রতিযোগিতা বিভাগের ৯ বিচারক।
শুধু লালগালিচা নয়, আগামী ২৮ মে অবধি ১২ দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী, তারকাদের সংবাদ সম্মেলন, সাক্ষাৎকার আর পার্টিতে জমজমাট থাকবে বিশ্ব চলচ্চিত্রের এই মহাযজ্ঞ।
/জেএইচ/এমএম/







