কয়েক মাস ধরেই খবরের শিরোনামে আছেন ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা। তবে প্রায় সবই ছিল তাকে ঘিরে নেতিবাচক খবর। ‘দ্য কপিল শর্মা’ থেকে আরেক কমেডিয়ান সুনীল গ্রোভার বেরিয়ে যাওয়ার পর অনুষ্ঠানটি আগের মতো চালিয়ে নেওয়ার জন্য যারপরনাই চেষ্টা করেছেন তিনি।
শো’র জনপ্রিয়তা ধরে রাখা নিশ্চিত করতে চরম প্রচেষ্টার কারণে বেশ ধকল গেছে কপিলের ওপর। সেই সঙ্গে বলিউডের ছবি ‘ফিরাঙ্গি’র কাজও করতে হয়েছে তাকে। সব মিলিয়ে এর নেতিবাচক প্রভাব পড়েছে তার স্বাস্থ্যের ওপর। এ কারণে শুক্রবার (৭ জুলাই) রাতে ‘দ্য কপিল শর্মা’র শুটিং চলাকালীন অজ্ঞান হয়ে পড়েন তিনি।
তখন বলিউড বাদশা শাহরুখ খান ও পরিচালক ইমতিয়াজ আলির জন্য অপেক্ষায় ছিলেন কপিল। এ অনুষ্ঠানে নিজেদের নতুন ছবি ‘যব হ্যারি মিট সেজাল’-এর প্রচারণা করতে আসার কথা ছিল তাদের। হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তিনি। কিছুক্ষণ পর স্বাভাবিক হলেও অস্বস্তি লাগছিল তার।
এ কারণে শাহরুখ ও ইমতিয়াজ যে আসছেন, তা নিয়ে ভাবার মন ছিল না কপিলের। অসুস্থ বোধ করায় পেরে না উঠে শুটিং ছেড়ে চিকিৎসকের শরণাপন্ন হতে বেরিয়ে পড়েন তিনি। চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তাই তিনি এখন হাসপাতালে। তার পাশে আছে পরিবার ও স্বজনরা।
এমন পরিস্থিতিতে শাহরুখ ও ইমতিয়াজ শুক্রবার (৭ জুলাই) ‘দ্য কপিল শর্মা’র শুটিং করতে পারেননি। তবে তা পুরোপুরি বাতিল হয়নি। এ পর্বের কাজ হবে আগামী ১১ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে। ততদিনে কপিল সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এর আগেও একবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কপিল শর্মাকে। তখন উচ্চ রক্তচাপ ও রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, ইন্ডিয়ান এক্সপ্রেস
/জেএইচ/এমএম/



