২০১২ সালে মুক্তি পেয়েছিলো অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়া অভিনীত সিনেমা ‘ইশকজাদে’। তরুণদের মাঝে তুমুল সাড়া জাগানো এ ছবির জুটিও সমাদৃত হয়। ৫ বছর পরে আবার একসঙ্গে বড় পর্দায় ফিরছেন এই সফল জুটি। দিবাকার ব্যানার্জি পরিচালিত ছবিটির নাম ‘সন্দীপ অউর পিংকি ফারার’।
তবে মজার বিষয় হলো ছবিতে তাদের নাম! সাধারণত মেয়ের নাম পিংক আর ছেলের নাম সন্দীপ হতে দেখা যায়। কিন্তু এতে উল্টোটা হচ্ছে,পরিণীতি হচ্ছেন স্যান্ডি বা সন্দীপ, অর্জুনের নাম পিংকি! ভারতীয় সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশ করেছে।
ছবিটিতে ভারতের দুই প্রান্তের দুইজনকে দেখা যাবে। পরস্পরের প্রতি সন্দেহ, ঘৃণা ও অবিশ্বাস নিয়েই চলতে থাকবে তাদের সম্পর্ক। এক বিবৃতিতে ব্যানার্জি জানায়, ‘আমার কাছে মনে হচ্ছে প্রথম ছবি নির্মাণ করছি আমি। একজন নারী-পুরুষের অন্যরকম যাত্রার এই ছবি বানাতে গিয়ে আগের সবকিছু ভুলতে হয়েছে আমাকে।’
যশ রাজ ফিল্মসের ব্যানারে মুক্তি প্রতীক্ষিত এই ছবি নিয়ে অর্জুন বলেন, ‘যশ রাজের সঙ্গে কাজ করা সবসময় দারুণ। আদিত্য চোপড়া আর পরিণীতির সঙ্গেও আবার কাজ করার সুযোগ মিললো।’
দিবাকর ব্যানার্জির সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন বলেও জানান এই অভিনেতা।
পরীণীতি চোপড়াও এই ছবি নিয়ে বেশ রোমাঞ্চিত। তিনি বলেন, ‘ইশকজাদে’-এর পর অর্জুন ও আমি দিবাকর স্যারের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখতাম। তার সিনেমাগুলো একদমই আলাদা হয়। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
এর আগে যশরাজ ফিল্মসের সঙ্গে ‘তিতলি’ ও ‘ডিটেকটিভ বোমকেশ বাকশি’ সিনেমা নির্মাণ করেছেন দিবাকর ব্যানার্জি।
সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড, ডিএনএ
/এমএইচ/এম/



