জন্মের সময় থেকেই সবার মনোযোগের কেন্দ্রে আছে বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের একমাত্র পুত্রসন্তান তৈমুর।
এজন্য তারা একরকম খুশিই। তবে একই সঙ্গে দু’জনই বেশ সচেতন। ক্ষুদে নবাবের ওপর যেন কোনোকিছুর কুনজর না লাগে, সেজন্য চেষ্টার ত্রুটি রাখছেন না সাইফিনা।
শোনা যাচ্ছে, পতৌদির বংশধর তৈমুরের মঙ্গল কামনা করে কোনও অশুভদৃষ্টি যেন তার ক্ষতি করতে না পারে সেজন্য কারিনা ও তার পুরো পরিবার প্রচুর টাকা দিয়ে পূজার আয়োজন করেছেন। এক্ষেত্রে তাদের গুনতে হয়েছে ৫১ হাজার রুপি।
পারিবারিক ঐতিহ্য মেনে এখানে নিমন্ত্রণ জানানো হয় বৃহন্নলাদের। তারা তৈমুরকে আশীর্বাদ করে দিয়ে গেছেন। ভারতীয়দের বিশ্বাস, হিজড়া সম্প্রদায় কোনও শিশুকে আশীর্বাদ করলে অশুভ কিছুই তার ধারেকাছে ঘেঁষে না। এটাকে অনেকে কুসংস্কার হিসেবেও ধরে নেন।
এইটুকুন বয়সেই তৈমুরের জনপ্রিয়তার কথা মাথায় রেখে ‘কুনজর’ ঠেকাতে পূজা দেওয়ার বিকল্প দেখেননি কারিনা!
তৈমুর গত বছরের ২০ ডিসেম্বর সাইফ-কারিনা ঘর আলো করে জন্ম নেয়। এরপর থেকেই বলিউড ভক্তদের চোখের মণি হয়ে আছে।
এদিকে, কারিনা আগামী মাসে ক্যামেরার সামনে ফিরবেন। তার হাতে আছে ‘ভিরে ডি ওয়েডিং’ নামের একটি ছবি। মা হওয়ার পর এর মাধ্যমেই রূপালি পর্দায় প্রত্যাবর্তন করবেন তিনি।
অন্যদিকে তৈমুরের বাবা সাইফ এখন ব্যস্ত ‘শেফ’ নামের একটি ছবির কাজে। এটি হলো ২০১৪ সালে হলিউডে মুক্তি পাওয়া একটি ছবির অফিসিয়াল রিমেক। ‘শেফ’ প্রেক্ষাগৃহে আসবে আগামী ৬ অক্টোবর।
সূত্র: বলিউড লাইফ, বলিউড মন্ত্র
/জেএইচ/এম/



