মোশাররফ করিম মানেই যেন নতুন রূপ, নতুন চরিত্রে হাজির হওয়া। উপরের ছবিটিও যেন তারই প্রমাণ দিচ্ছে।
এবার নাটকে ঠিক এভাবেই আসছেন। আগামীকাল (১৩ জুলাই) থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ল্যাম্পপোস্ট’।
সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটিতে মোশাররফকে দেখা যাবে বেশ হাসির চরিত্রে। সঙ্গে ‘বাড়তি’ বয়সও পাওয়া যাবে।
নাট্যকার সাগর জাহান জানালেন নাটকের মূল বিষয়টি। এটি এমন- নব্বই দশকে কিছু সংস্কৃতিমনা মানুষ বুকে স্বপ্ন লালন করে, তা পূরণ করতে আসে ঢাকা শহরে। কেউ কবি, কেউ অভিনেতা, কেউ লেখক, কেউ শিল্পী অথবা কেউ শুধু শুধু রঙিন স্বপ্ন উড়ায় এই শহরের আকাশে। এই মানুষগুলো যার যার স্বপ্ন পূরণের প্রত্যাশায় এক ল্যাম্পপোস্টের নিচে আসে। তাদের আনন্দ, বেদনা, রোমাঞ্চের একটি নিরেট গল্প বলার উদ্দেশ্যে এই নাটক ‘ল্যাম্পপোস্ট’।
এটি প্রতি সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ০৯টা ৪৫মিনিটে প্রচার হবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, রহমত আলী, তারিন, বাঁধন, সাবিলা নূর, মারজুক রাসেল, সাবেরী আলম, রেবেনা রেজা জুঁই, কচি খন্দকার, রিফাত চৌধুরী, তারিক স্বপন, এ কে আজাদ প্রমুখ।
/এম/



