দেশীয় সংগীতাঙ্গনের বরেণ্য অনেক শিল্পীর ছেলেমেয়েরা মা-বাবার পথ ধরে গানে এসেছেন। গুণী শিল্পীদের সন্তানরা প্রশংসিতও হয়েছেন শ্রোতামহলে। এই উত্তরসূরিদের মধ্যে ছয় জন একসঙ্গে গাইলেন।
কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের মেয়ে বাঁধন, সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর মেয়ে আলিফ আলাউদ্দিন, প্রয়াত কণ্ঠশিল্পী বশির আহমেদের মেয়ে হুমায়রা বশির, প্রয়াত সংগীতশিল্পী আব্দুল আলীমের মেয়ে নূরজাহান আলীম, প্রয়াত কণ্ঠশিল্পী প্রবাল চৌধুরীর ছেলে রঞ্জন চৌধুরী এবং নজরুলসংগীত শিল্পী ইয়াকুব আলী খানের যথাক্রমে এবং ইউসুফ আহমেদ খান– এই ছয় জন গেয়েছেন ‘বাংলাদেশ’ শিরোনামের গানটি।
গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ, এর কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। বিটিভির ‘পরিবর্তন’-এর জন্য তৈরি হয়েছে এটি। ইতোমধ্যে চ্যানেলটির মিলনায়তনে এ গানের চিত্রায়নে অংশ নিয়েছেন ছয় কণ্ঠশিল্পী।
অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন আনজাম মাসুদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারের পর্বটি প্রচার হবে ঈদে। তাই বিশেষ আয়োজনের কথা ভেবে আমাদের দেশের ছয় গুণী শিল্পীর সন্তানদের একত্র করেছি। গানে গানে তারা বাংলাদেশের জয়গানই গেয়েছেন।’
ঈদের পরদিন (৩ সেপ্টেম্বর) রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচার হবে ‘পরিবর্তন’। প্রযোজনায় শাহরিয়ার মোহাম্মদ হাসান।



