ভারতের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও অভিনেতা কপিল শর্মার পিছু ছাড়ছে না দুঃসংবাদ। বরং তারা যেন হাত ধরাধরি করেই চলছেন!
নতুন হতাশাজনক খবর হলো, কপিলের অপেশাদারি আচরণের কারণে সেটে এসেও ‘দ্য কপিল শর্মা শো’র শুটিং না করেই ফিরে গেছেন ‘বাদশাহো’ ছবির তারকারা।
অনুষ্ঠানটির একটি পর্বে অতিথি হিসেবে ছবিটির অভিনেতা-অভিনেত্রী অজয় দেবগণ, ইমরান হাশমি, ইলিয়েনা ডি’ক্রুজ ও এশা গুপ্তার অংশ নেওয়ার কথা ছিল। রবিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় সেটে হাজিরও হন তারা। কিন্তু ১৫ মিনিট অপেক্ষা করার পরও শুটিং শুরু হচ্ছিল না। এমনকি কপিলের মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও চালু পাওয়া যায়নি।
এ কারণে একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সেট থেকে বেরিয়ে যান অজয়। তার পথ অনুসরণ করেন বাকি তিন তারকা। যাওয়ার সময় সবাই বিরক্তি দেখিয়েছেন। ‘দ্য কপিল শর্মা শো’তে আর যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা। তাছাড়া সময়ও ফাঁকা নেই তাদের। অন্যান্য চ্যানেলের অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে সময় বরাদ্দ দিয়ে ফেলেছেন এই তারকারা।
অথচ আগের রাতে ‘বাদশাহো’ বাহিনীকে আশ্বস্ত করা হয়েছিল নির্ধারিত সময়েই শুটিং শুরু হবে। এমনকি রবিবার তারা বাসা থেকে বের হওয়ার সময় সংশ্লিষ্টরা জানান, স্টুডিওর কাছের একটি হোটেল থেকে রওনা দিয়েছেন কপিল।
কিন্তু অজয়, ইমরান, ইলিয়েনা ও এশা সেটে গিয়ে জানতে পারেন— দেরি করে ঘুমানোর কারণে তখনও বিছানা ছাড়তে পারেননি কপিল। ৩৬ বছর বয়সী এই কমেডিয়ানের প্রস্তুত হয়ে আসতে লাগবে দুই ঘণ্টা। ‘বাদশাহো’ তারকারা জেনেছেন, এক চলচ্চিত্র নির্মাতা বন্ধুর পার্টিতে ভোর ছয়টা পর্যন্ত ছিলেন কপিল। এ কারণেই সময়মতো ঘুম ভাঙেনি তার।
এমন ঘটনা এবারই প্রথম নয়। গত কয়েক মাসে ‘দ্য কপিল শর্মা শো’র সেটে যাওয়ার পরও উপস্থাপক অনুপস্থিত থাকায় শুটিং না করে ফিরতে হয়েছে বলিউডের বেশ কয়েকজন তারকাকে। তাদের মধ্যে আছেন ‘জব হ্যারি মেট সেজাল’ তারকা শাহরুখ খান ও আনুশকা শর্মা।
এরও আগে ‘মুবারাকান’ এবং ‘গেস্ট ইন লন্ডন’ ছবির তারকাদের নিয়ে সনি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানটির দুটি পর্বের কাজ হওয়ার কথা ছিল। কিন্তু কপিলের আকস্মিক অসুস্থতার কারণে তা বাতিল হয়।
চলতি বছরের জানুয়ারিতে ‘ওকে জানু’ ছবির দুই তারকা শ্রদ্ধা কাপুর ও আদিত্য রয় কাপুরকে পাঁচ ঘণ্টা বসিয়ে রেখেছিলেন কপিল। তারা চলে যাওয়ার হুমকি দেওয়ার পর অবশেষে সেটে আসেন তিনি।
এদিকে ‘বাদশাহো’ তারকাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা শুনে ‘পোস্টার বয়েজ’ ছবির তিন অভিনেতা সানি দেওল, ববি দেওল ও শ্রেয়াস তালপাড়ে ‘দ্য কপিল শর্মা শো’র শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন।
টুইটারে যাচ্ছেতাই মন্তব্য করা, অবৈধভাবে নিজের বাড়ির পরিধি বাড়ানো, সহশিল্পীর সঙ্গে ঝগড়া ও জনসমক্ষে তাদের অপমান করার কারণে গত এক বছরে বেশ কয়েকবার সমালোচিত হয়েছেন কপিল শর্মা। উড়োজাহাজের অভ্যন্তরে তিনি বকাঝকা করায় কমেডিয়ান সুনীল গ্রোভার বেরিয়ে যাওয়ার পর থেকে ‘দ্য কপিল শর্মা শো’র টিআরপি নামতে থাকে। থাকেননি আরেক কমেডিয়ান আলি আসগরও।
সূত্র: মিড-ডে, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি



