উৎকণ্ঠায় অভিনেতা মোশাররফ করিমের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। কারণ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় এই তারকা। মঙ্গলবার (২৯ আগস্ট) পুবাইলে একটি নাটকের কাজ চলাকালীন বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপরই তাকে দ্রুত উত্তরার একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
স্বস্তির খবর হলো, মোশাররফের শারীরিক অবস্থা এখন বেশ ভালো। অতিরিক্ত কাজের চাপই তার অসুস্থতার কারণ বলে চিকিৎসকদের মন্তব্য।
গত সপ্তাহে সাগর জাহানের ‘ম্যারেড লাইফ-এ অ্যাভারেজ আসলাম’ নামের একটি ঈদ নাটকের কাজ করছিলেন তিনি। এরপর বিরতিহীনভাবে গত চার দিনে দুটি নাটকের কাজে অংশ নেন তিনি। ঈদ ঘনিয়ে আসায় উপায়ও ছিল না তার। মূলত বেশি পরিশ্রমের কারণেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
বুধবার সাগর জাহান বাংলা ট্রিবিউনকে বললেন, ‘মোশাররফ করিমের অসুস্থতার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। গতকাল তাকে উত্তরার লুবনা হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানকার সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) আছেন। এখন অবশ্য তার রক্তচাপ স্বাভাবিকের দিকে আছে।’
মোশাররফের সহধর্মিণী অভিনেত্রী জুঁই করিম বাংলা ট্রিবিউনকে বলেন, “তার অবস্থা এখন ভালো। আশা করছি, দু’একদিনের মধ্যে তাকে হাসপাতালের কেবিনে আনা যাবে। সবাই তার জন্য দোয়া করবেন।”
এদিকে মোশাররফ করিম অসুস্থ হয়ে পড়ায় এরই মধ্যে ঈদের আগে তার সব শুটিং স্থগিত করা হয়েছে। পুরোপুরি সুস্থ হওয়ার পরেই তিনি কাজে ফিরবেন বলে জানিয়েছেন তার স্ত্রী।
মোশাররফের ঈদের নাটকের কাজ বন্ধ হয়ে যাওয়ায় টিভি চ্যানেলগুলো বিপাকে পড়বে বলে শঙ্কা সংশ্লিষ্টদের।



