কোরবানির ঈদ। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন এটি। যার প্রধান অনুষঙ্গ কোরবানির পশু। সাধারণত গরু হাটকে ঘিরেই এদেশের মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার হয়। অভিনয়শিল্পী ইমনের কাছে জানতে চাওয়া হয়েছিল হাটকে ঘিরে কোনও একটি স্মৃতির কথা। তিনি শোনালেন ছোটবেলার মজার একটি ঘটনা।
ইমনের ভাষ্য, ‘ঘটনাটি কত আগে এটা বলা কঠিন হবে। কিন্তু আমার বয়স তখন খুবই কম। বরাবারের মতোই বাবার সঙ্গে কোরবানির হাটে গিয়েছিলাম। বাবা দরদাম করে গরু কিনলেন। আমি খুশিতে আটখানা। কারণ গরুটি আমার পছন্দে হয়েছে। এরপর বাবার আঙুল ধরে গরু দেখতে দেখতে বাসায় ফিরছি। মনে তখন বেজায় আনন্দ। হঠাৎ কে যেন জিজ্ঞেস করলেন, বাবু তোমাদের বাসা কোন দিকে? তাকিয়ে দেখি, আমি অন্য মানুষের হাত ধরে আছি।
মুখটা শুকিয়ে গেল। আমার চোখে মুখে তখন আতঙ্ক। আমি কি হারিয়ে গেছি! না, বেশিক্ষণ দুশ্চিন্তায় থাকতে হয়নি। কারণ কিছুক্ষণের মধ্যে বাবা এসে হাজির হয়েছিলেন। গরুর হাটের কথা মনে হলেই পুরনো এই দৃশ্যটি মনে ভেসে ওঠে।'



