এ সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত। অনেকের চোখে সমালোচিত। শনিবার (৯ সেপ্টেম্বর) তার দেওয়া একটি স্ট্যাটাসকে ঘিরেই এই আলোচনা-সমালোচনা। তবে রবিবার (১০ সেপ্টেম্বর বিকালে) আরেকটি স্ট্যাটাসে আত্মপক্ষ সমর্থন করেছেন তিনি।
শনিবার ফেসবুকে একটি স্ট্যাটাসে নির্দিষ্ট একজনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বুবলী। তবে কাকে নিয়ে রাগ তার নাম উল্লেখ করেননি। স্ট্যাটাসে তিনি বারবার ‘তুই’ সম্বোধন করেছেন নিজের চোখে নিন্দিত ওই ব্যক্তিকে। মূলত ‘তুই’ সম্বোধন করাতেই নেতিবাচক মন্তব্যের তীর ছুটে যাচ্ছে তার দিকে।
কার ওপর এত রাগ তার? এ প্রসঙ্গে জানতে তার মোবাইল ফোনে চেষ্টা করেও সাড়া মেলেনি। এ নিয়ে আপাতত কোনও সাংবাদিকের সঙ্গে কথা বলেননি তিনি। এমনকি মেসেজ পাঠালেও তাতে সাড়া দিচ্ছেন না।
বুবলীর কানে অবশ্য সমালোচনার কথা ঠিকই পৌঁছেছে। তাই রবিবার আরেকটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘আমি একটি স্ট্যাটাসে কোনও নাম প্রকাশ না করে আমার কিছু কথা লিখেছি। স্বাধীন দেশের স্বাধীন মানুষ হয়ে আমরা আমাদের অনুভূতি প্রকাশ করতেই পারি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, অনেকেই কার বা কাদের উদ্দেশ্যে লেখা তাতে নিজেরাই অনেকের নাম বসিয়ে নিচ্ছেন। তার মানে আপনারাও অনেকে অবগত কে বা কারা আমাকে নিয়ে এমন করছে! নাহলে এভাবে নিজেদের দায়িত্বে বলছেন কীভাবে! আবার এও ইঙ্গিত দিচ্ছেন যারা পড়ালেখা করেছেন তাদের এসব ব্যাপারে চুপ থাকা উচিত, এড়িয়ে যাওয়া উচিত, পাত্তা না দেওয়া উচিত। তার মানে যারা পড়ালেখা করেছে এই দলের এরা চুপ থাকবে। সম্মান আর ভদ্রতা দেখিয়েও বার বার বেয়াদবি সহ্য করবে? আর অন্য দলের এরা এসব করেই যাবে? মানে কিছু মানুষের এখনও কী অদ্ভুত দৃষ্টিভঙ্গি!’
অন্যদিকে শনিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে বুবলি লিখেছেন, ‘আমাকে নিয়ে আর কত ষড়যন্ত্র করবি? আর কত ক্ষতি করার চেষ্টা করবি? মানুষকে দিয়ে আমার বিরুদ্ধে আর কত ছোটলোকি করাবি? আর কত ধোঁকা দিবি মানুষকে? তোর মুখের ভাষা, কথাবার্তা, আচার আচরণ, হাসি দেখলেই মানুষ বোঝে, তুই কোন ক্যাটাগরির। যে মানুষটি এত ষড়যন্ত্র করছে, তার ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলার রুচি আমার নেই।’
স্ট্যাটাসে বুবলি আরও বলেন, ‘কোন যোগ্যতায় তুই আমাকে নিয়ে কথা বলিস? আমাকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকিস? নিজেকে আলোচনায় রাখতে? এটাই পারবি তুই, সত্যিকে মিথ্যা আর মিথ্যাকে সত্যি বানিয়ে অট্টহাসি দিয়ে বাজে কথা বলে, মানুষকে ব্ল্যাকমেল করে হাত করে তাদের ক্ষতি করাই তোর কাজ।’
পাশাপাশি যারা বা যে বুবলির অপ্রপ্রচারে লিপ্ত, তাকে কাজটি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এভাবে— ‘একটা কথা মনে রাখিস, জোর করে আর ছোটলোকি করে, ব্ল্যাকমেল করে অন্যের ক্ষতি করে, হিংসামি করে কখনোই কিছু হয় না। হয়তো সাময়িক কিন্তু স্থায়ী না। কথায় আছে কুকুর মানুষকে কামড়ালে, মানুষ কুকুরকে কামড়ায় না, তাই তোর কাজ কামড়ানো। ছোটলোক কোথাকার, তোর নাম উচ্চারণ করারও রুচি নেই। ছি!’
এদিকে এবারের ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে বুবলীর দুই ছবি— ‘রংবাজ’ এবং ‘অহংকার’। দুটিতেই তার নায়ক শাকিব খান। গত বছরের কোরবানির ঈদেও শাকিব ও বুবলী জুটির দুই ছবি (বসগিরি, শুটার) মুক্তি পায়।



