১৭ বছর অপেক্ষার পর বিশ্ব সুন্দরীর মুকুট জিতে ভারতের গৌরব ফিরিয়ে এনেছেন মানুষী চিল্লার। হরিয়ানার এই মেয়ে মর্যাদার প্রতিযোগিতাটি জিতে পুরো দেশের জন্যই সম্মান বয়ে এনেছেন। তাই সাবেক বিশ্ব সুন্দরী লারা দত্ত, সুস্মিতা সেন, প্রিয়াঙ্কা চোপড়া, দিয়া মির্জাসহ চলচ্চিত্র শিল্পের অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের একটি প্রশ্নের জবাবের কারণে মানুষী এখন প্রশংসায় ভেসে বেড়াচ্ছেন। তাকে প্রশ্ন করা হয় ‘কোন পেশায় বেশি বেতন হওয়া উচিত?’। জবাবে বলেন, ‘আমি মনে করি মায়ের সবচেয়ে বেশি সম্মাননা পাওয়া উচিত। এটা টাকার বদলে ভালোবাসা ও সম্মানের মাধ্যমে দেওয়া উচিত। সে আমার জীবনে বড় অনুপ্রেরণা। মাকেই জীবনে সবচেয়ে বেশি সম্মান দেওয়া উচিত।’
সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে মানুষী বিপিএস মহিলা মেডিকেল কলেজে এমবিবিএস পড়ছিলেন। তবে এখন তার ক্যারিয়ার ভাবনা কী হবে তাই দেখার বিষয়।
অনেক সাবেক বিশ্ব সুন্দরীই চলচ্চিত্রে অভিনয় করে বিস্ময়কর সাফল্য পেয়েছেন। তাই মানুষী চাইলেই এ পথে ক্যারিয়ার গড়তে পারেন। আর সেজন্য তিনি অনেকটা প্রস্তুত হয়েই আছেন বলে জানা গেছে।
প্রতিযোগিতার ট্যালেন্ট রাউন্ডে মানুষী ‘গালিওকি রাসলীলা-রামলীলা’ সিনেমার ‘নাগার সাঙ্গ ঢোল’ গানটির সঙ্গে পারফর্ম করেন। সিনেমায় গানটিতে দীপিকা পাড়ুকোন পারফর্ম করেছিলেন। মানুষীও মঞ্চে অনেক ভালোভাবে তা উপস্থাপন করেছেন। তাই তাকে বলিউডের জন্য প্রস্তুতই বলে মনে করছেন বিশ্লেষকরা।
এটাও মনে রাখতে হবে, মানুষী একজন প্রশিক্ষিত ধ্রুপদী নৃত্যশিল্পীও।
সূত্র-ইন্ডিয়ান এক্সপ্রেস



