অবস্থা সম্পন্ন বিপত্নীক জুম্মান আলী ফকির প্রেমে পড়েন তারই বাড়িতে আশ্রিত যুবতী মালঞ্চের। কিন্তু মালঞ্চ ভালবাসে জুম্মানের বাড়ীতে আশ্রিত যুবক তোতাকে!
এ নিয়ে জুম্মানের সঙ্গে তোতার ঝামেলা বেড়েই চলেছে। ২৯ বার মেট্রিক পরীক্ষা দিয়েও মাসুদ পাশ করতে পারেনি। তাই সবাই তাকে মেট্রিক মাসুদ বলে ডাকে। এবার তার জন্য দু’জন গৃহশিক্ষক নিয়োগ করা হয়েছে। একজন সুন্দরী আলেয়া অন্যজন মাষ্টার জালাল। মাসুদকে পড়াতে যেয়ে প্রেমে পড়ে যায় আলেয়া। এতে বিরক্ত হয় মাষ্টার জালাল। অন্যদিকে গ্রামের বিত্তশালী এক যুবক আশেক। পাশের গ্রামের মেয়ে হেনার সঙ্গে আংটি বদল হয়েছে। কিন্তু এখানেও শুরু হয় এক ধরনের খেলা। এই খেলার একপাশে চম্পা, মুনা আর লতা নামের তিন নারী, অন্যপাশে আশেক।
গ্রামের তিন প্রান্তে চলতে থাকা এমন তিনটি ঘটনা এক বিন্দুতে মিলিত হয় তখন, যখন জুম্মানের কাছে পরাজিত হয়ে তোতা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে যায়।
এমন প্রেমময় জটিল গল্প নিয়ে এনটিভিতে ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ভালোবাসা কারে কয়’। নাটকটি প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে। রুলীন রহমানের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- এটিএম শামসুজ্জামান, মোশাররফ করিম, শম্পা রেজা, শহীদুজ্জামান সেলিম, তানিয়া হোসাইন, বাঁধন, আ খ ম হাসান, অহনা, শ্যামল মওলা, জুঁই করিম, মুকুল সিরাজ, সুজাত শিমুল, মৌরী সেলিম, হাসান ফেরদৌস, আব্দুল হান্নান শেলী, আহসানুল হক মিনু, সৈয়দ মোশাররফ, সায়কা আহমেদ, সেরা জামান প্রমুখ।



