টেলিভিশন নাট্যকার সংঘের উদ্যোগে শুরু হতে যাচ্ছে তিন মাসব্যাপী নাটক রচনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স ‘নাটক রচনা শৈলী’।
প্রথমবারের মতো আয়োজিত এই কর্মশালার ঘোষণা প্রদান উপলক্ষে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মগবাজারস্থ সংঘের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কোর্সের আহবায়ক এজাজ মুন্নার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংঘের সভাপতি মাসুম রেজা, সহ-সভাপতি বৃন্দাবন দাশ, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন ও নাট্যকার তবারক হোসেন ভুঁইয়া।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন মাসব্যাপী এই কর্মশালায় প্রথম সেশন শুরু হবে আগামী ২ মার্চ থেকে। ক্লাস চলবে সপ্তাহের শুক্রবার (বিকাল ৪টা থেকে রাত ৮টা) এবং শনিবার (বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা)। প্রশিক্ষণ দেবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত নাট্যকারবৃন্দ। পাণ্ডুলিপি সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় করবেন স্যাটেলাইট টিভি চ্যানেলের অনুষ্ঠান প্রধান, নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদেরকে সনদপত্র দেওয়া হবে ও সেরা তিনটি চিত্রনাট্য দিয়ে স্বনামধন্য পরিচালকরা নাটক নির্মাণ করবেন।
এতে অংশ নেওয়ার জন্য আবেদনপত্র পাওয়া যাচ্ছে নাট্যকার সংঘের কার্যালয় (২০ নিউ ইস্কাটন, চতুর্থ তলা, ঢাকা) এবং ওয়েবসাইট (ww.tvnsbd.com)-এ।
সংঘের কার্যালয়ে সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি।



