বাংলা-হিন্দি গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী সমরজিৎ রায় ভারত ও বাংলাদেশে নিয়মিত গান করছেন। এরই ধারাবাহিকতায় বাংলাঢোলের প্রযোজনায় বের হলো তার রবীন্দ্রসংগীতের নতুন একক ‘জ্যোৎস্না রাতে’। ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক উন্মোচন হয়।
নুষ্ঠানে উপস্থিত ছিলেন আজাদ রহমান, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, মেহরিন, রবি চৌধুরী, শামীম জামান, রঞ্জন মণ্ডল, অনন্যা রুমা প্রমুখ। এর পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ই.বি সলিউশনস্-এর ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই, বাংলাঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক।
রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রসঙ্গে গায়ক বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর তার সময়ে যে গান লিখে গেছেন, সেটা এখনো যেকোনও আধুনিক গানের চেয়েও আধুনিক। তাকে ছাড়া বাংলা গানই তো ভাবা যায় না। তাই আমার এ অ্যালবাম।’
ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত ‘জ্যোৎস্না রাতে’ অ্যালবামে থাকছে ছয়টি গান। এগুলো হলো ‘ভালোবেসে যদি’, ‘তোমার গোপন কথাটি’, ‘আজ জ্যোৎস্না-রাত ‘, ‘দাঁড়িয়ে আছো’, ‘আমার সোনার হরিণ চাই’ ও ‘মোর ভাবনারে’। এরমধ্যে ‘দাঁড়িয়ে আছো’ গানটিতে সমরজিতের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন স্বরলিপি। এ ছাড়া ‘মোর ভাবনারে’ গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। অ্যালবামের গানগুলোর সংগীতায়োজন করেছেন সমরজিৎ রায় ও জে কে মজলিস।
সমরজিতের হিন্দি তিন অ্যালবামের মধ্যে ‘তেরাতসব্বুর’ ২০১১ সালে ভারতের জিমা অ্যাওয়ার্ডসে সেরা জনপ্রিয় অ্যালবাম বিভাগে মনোনয়ন পায়।
বাংলাদেশের ছেলে সমরজিৎ রায় ভারত সরকারের বৃত্তি নিয়ে দিল্লির গান্ধর্ভ মহাবিদ্যালয়ে শাস্ত্রীয় সংগীতে উচ্চশিক্ষা গ্রহণ করেন ও সমগ্র ভারতের গান্ধর্ভ মহাবিদ্যালয়ের সংগীত বিশারদের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় পান ডি বি পলুস্কর অ্যাওয়ার্ডসহ আটটি পুরস্কার। পরে গান্ধর্ভ মহাবিদ্যালয়ে প্রায় ১১ বছর শাস্ত্রীয় সংগীত বিষয়ে শিক্ষকতা করেন তিনি।



