চতুর্থবারের মতো আয়োজিত ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে সেরা পুরস্কার জিতে নিলো ভারতের সেন্থামিঝান আরুনাচালামমাঞ্জুলা নির্মিত ‘ভিলাম্বল’ ছবিটি।
১৭ ফেব্রুয়ারি দুপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিলনায়তনে এ পুরস্কার ঘোষণা করা হয়। নির্মাতার পক্ষে পুরস্কার গ্রহণ করেন উৎসব পরিচালক মীর ওয়াদুদ ইসলাম।
২০১৭ সালে ভারতের তামিলনাড়ুতে ‘ভিলাম্বল’ চলচ্চিত্রটি নির্মিত হয়। গরীব কৃষক এবং ধনী ব্যবসায়ীর মধ্যকার টানাপড়েন এই চলচ্চিত্রের উপজীব্য। এতে ভারতের বর্তমান কৃষক শ্রেণীর দুর্দশার চিত্র ফুটে উঠেছে। ‘ভিলাম্বল’ নির্মাতার প্রথম চলচ্চিত্র। তিনি জানান, এক মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রটি মাত্র পাঁচশত ভারতীয় রুপি খরচায় নির্মাণ করেছেন তিনি।
এবারের উৎসবে বিশ্বের ৩৫টি দেশের সর্বমোট ১১৬টি চলচ্চিত্রের মধ্য থেকে বাছাই করা হয় ২০টি মোবাইল চলচ্চিত্র। সেখান থেকে ৫টি চলচ্চিত্র অনুষ্ঠানের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় এবং এর মধ্য থেকেই ‘ভিলাম্বল’ বিজয়ী হিসেবে ঘোষিত হয়।
প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত চলচ্চিত্রের মধ্যে বিজয়ী চলচ্চিত্র ‘ভিলাম্বল’ ছাড়াও অন্য চলচ্চিত্রগুলো হলো কসোভোর কুস্তরিম আস্লানি পরিচালিত ‘দ্যা গারবেজ’, আফগানিস্তানের জাবিহুল্লাহ শাহরানি পরিচালিত ‘জুলিয়া টু’, বাংলাদেশের যুক্ত ফুয়াদ পরিচালিত ‘ইজ ইট গুড টু রান অ্যাওয়ে’ এবং মোঃ আল হাসিব খান পরিচালিত ‘দ্যা বার্নিং ক্যানভাস’।
শনিবার আয়োজিত উৎসবের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সরকারি কর্ম কমিশনের অতিরিক্ত সচিব মোঃ মনজুরুর রহমান। এছাড়াও বিচারক মণ্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন নির্মাতা মতিন রহমান ও প্রসূন রহমান এবং লেখক-চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু।
উৎসব আয়োজকরা জানান, পরবর্তী বছরের উৎসবে চলচ্চিত্র জমা নেওয়া শুরু হবে চলতি বছরের ১ এপ্রিল থেকে ২৫ অক্টোবর পর্যন্ত।
চার বছর ধরে চলে আসা ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ) বাংলাদেশের প্রথম আয়োজন হিসেবে পরিচিত। এ উৎসবের অনলাইন নিউজ পার্টনার হিসেবে ছিল বাংলা ট্রিবিউন।



