নাগরিক মধ্যবিত্ত মননে আজও বাজে কবিগুরুর অনিন্দ্যসুন্দর সব গান। আনন্দ, বেদনা, বিরহ কিংবা ভালোবাসা- প্রতিটি প্রকাশেই বাংলা ভাষাভাষীর প্রাণের বড় আশ্রয় রবীন্দ্রনাথ।
২৫ বৈশাখ (৮ মে) কবিগুরুর জন্ম জন্মজয়ন্তী। বিশ্বকবির প্রতি শ্রদ্ধা এবং তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করছে ‘তুমি রবে নীরবে’ শীর্ষক গান-ভিডিও। গানটি গেয়েছেন শ্রাবন্তী সাহা ও শাওন গানওয়ালা। সংগীতায়োজন করেছেন অটামনাল মুন।
গানটির ভিডিও নির্মাণ করেছেন প্রীত রেজা। আলোকচিত্রী হিসেবেই তার নামডাক বেশি। আমেরিকাতে এর আগে মিউজিক ভিডিও পরিচালনা করলেও এবারই প্রথম বাংলাদেশে মিউজিক ভিডিও পরিচালনা করলেন প্রীত রেজা। এতে মডেল হিসেবে দেখা যাবে কণ্ঠশিল্পী শ্রাবন্তী সাহা ও অভিনেতা জোভানকে। রাজধানীর বুয়েট ও অলিয়ঁস ফ্রসেস সেন্টারে দুদিন ভিডিও ধারণ করা হয়েছে গানটির।
ছোটবেলা থেকেই রবীন্দ্রসঙ্গীত চর্চা করা শ্রাবন্তী সাহা জানালেন, ‘আমি মনেপ্রাণে রবীন্দ্রনাথকে লালন করি। তাঁর কবিতা, গান, গল্পের ভেতরে উঠে আসা চরিত্র দিয়েই জড়িয়ে রাখি নিজেকে। এই গানটি আমার সেই আবেগের বহিঃপ্রকাশ।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সূত্রে জানা যায়, আগামী ৭ মে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।



