দেশ বরেণ্য সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের শারীরিক অবস্থা এখন বেশ ভালো।
আজ (৫ জুন) দুপুরে রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইন্সটিটিউট থেকে তিনি বাসায় ফিরবেন বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ডা. অধ্যাপক আফজালুর রহমান। সকাল নাগাদ তাকে হাসপাতালের ছাড়পত্র দেওয়া হবে বলেও তিনি জানান।
চিকিৎসক আফজালুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহমেদ ইমতিয়াজ বুলবুল সাহেবের হার্টে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। প্রথমে খুবই জটিলতা ছিল। রক্তনালীর অবস্থাও বেশ খারাপ ছিল। পরে বিশেষ ব্যবস্থায় রিং পরানো হয়। সব মিলিয়ে তিনি এখন ভাল আছেন। স্বাভাবিক কাজকর্ম এখন থেকে করতে পারবেন। তবে তাকে সাবধানে থাকতে হবে। কারণ তার হার্টের অন্যান্য ব্লক পর্যবেক্ষণে রাখা খুব জরুরি।’
আহমেদ ইমতিয়াজ বুলবুলের হৃদ্যন্ত্রের ৮টি ব্লকের মধ্যে দুটিতে রিং পরানো হয়েছে শনিবার (২ জুন)। এরপর রবিবার ও সোমবার পর্যবেক্ষণে ছিলেন দেশের গুণী এই সংগীত পরিচালক। তিনি এখন আছেন রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইন্সটিটিউটেই।
এদিকে সপ্তাহ খানেক আগে তার বাইপাস সার্জারির কথা বলা হলেও পুনরায় পরীক্ষার পর চিকিৎসকরা রিং পরানোর সিদ্ধান্ত নেন। হৃদ্রোগ ইন্সটিটিউটের পরিচালক ডা. আফজালুর রহমানের তত্ত্বাবধানে আহমেদ ইমতিয়াজ বুলবুলের হৃদ্যন্ত্রে দুটি স্টেন্ট পরানো হয়।
আহমেদ ইমতিয়াজ বুলবুলের একমাত্র ছেলে সামির আহমেদ বলেন, ‘চিকিৎসার জন্য বাবাকে গত বৃহস্পতিবার জাতীয় হৃদ্রোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে শনিবার তার হৃদ্যন্ত্রে স্টেন্ট পরানো হয়।’
দেশ বরেণ্য এ সংগীতশিল্পী গত ১৬ মে নিজের অসুস্থতা নিয়ে ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দেন। যা দেশের মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। এই পোস্ট নজরে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপর প্রধানমন্ত্রী গুণী মানুষটির চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন।



