‘সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে কিছু নেই’, ‘সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না’—রাজধানীর দেয়ালে দেয়ালে এমন গ্রাফিতি চোখে পড়েছে অনেকের। খাঁচাবন্দি সূর্য হাতে দাঁড়িয়ে থাকা গ্রাফিতির চরিত্র সুবোধের নাম এখন সবার মুখে মুখে।
দেয়ালের সেই আলোচিত চরিত্রটির ছায়া ধরে প্রতীকী একটি নাটক নির্মিত হচ্ছে। নাম ‘সুবোধ’। তবে গ্রাফিতিতে সুবোধকে বরাবরই পালিয়ে যাওয়ার কথা বললেও নাটকে দেখা যাবে তার ফিরে আসার গল্প।
২৩ জুলাই থেকে রাজধানীর বিভিন্ন স্থানে এর শুটিং শুরু করেছেন মামুন খান। উদয় অনির্বাণের গল্প থেকে এটির চিত্রনাট্য তৈরি করেছেন শুভ্র সরখেল।
কারুকাজ প্রোডাকশনের ব্যানারে নির্মাণ চলতি এই বিশেষ নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন কল্যাণ কোরাইয়া ও কাজী নওশাবা। বিভিন্ন চরিত্রে আরও আছেন এ্যানি খান, প্রিন্স রনি, হারুন রশিদ, জে আর খান জিতুসহ অনেকে।
নাটকটির গল্পের একাংশ এমন, মিথিলা গ্রামের সহজ-সরল মেয়ে। কিন্তু বাস্তবতার বেড়াজালে তাকে খারাপ পথে নামতে হয়। শুরুতে পকেটমার, পরে বিভিন্ন অপরাধে নিজেকে দ্রুত জড়িয়ে ফেলেন। সেই মিথিলা পছন্দ করেন প্রভাবশালী ব্যক্তি বসুকে। কিন্তু মুখে তা কখনোই প্রকাশ করতে পারেন না। এরমধ্যে যুক্ত হয় আরও দুটি চরিত্র। সুজন ও ইভা। তারা একে অপরকে ভালোবাসেন। এরমধ্যে ঘটনাক্রমে বসু ঘরছাড়া করেন সুজনকে। অন্যদিকে মিথিলা কিডন্যাপ করেন ইভাকে!
এভাবে গল্পের নানা জটিলতা পেরিয়ে সবার মাঝে ফিরে আসে দেয়ালের সেই গ্রাফিতি চরিত্র ‘সুবোধ’।
‘সুবোধ’ প্রসঙ্গে কাজী নওশাবা বললেন, ‘এখানে আমার চরিত্রের নাম মিথিলা। গ্রাম থেকে শহরে এসে বাঁচার জন্য ছিনতাইসহ নানা কিছু করতে হচ্ছে আমাকে। এমন চরিত্রে আমি আর অভিনয় করিনি। এটি একটি সামাজিক গল্পের নাটক। সামাজিক সচেতনতাও বলতে পারেন।’
এদিকে কল্যাণ কোরাইয়া বললেন, ‘নাটকটির নামের মধ্যেই ভালো কিছু বোধের আভাস আছে। গল্পটাও একটু ভিন্ন। দর্শক যাতে ভালো কিছু গ্রহণ করতে পারেন, নাটকটির মাধ্যমে আমরা সেই চেষ্টাই করছি।’
নির্মাতা সূত্রে জানা যায়, নাটকটি আসছে ঈদুল আজহায় যেকোনও একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।



