আসিফ-নিশার সুখের সংসার। সেই সুখ আরও বেড়ে যায় যখন আসিফ নিয়মিত সোনার গহনা উপহার দেন স্ত্রীকে।
একদিন নিশার মা মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেই রাতেই চুরি হয়ে যায় সব গহনা! এই চুরির তদন্ত করতে বাসায় আসেন প্রাইভেট ডিটেকটিভ টাবলু। তার তদন্তে কেঁচো খুঁড়তে সাপ না বেরিয়ে আসে আস্ত এক অ্যানাকোন্ডা!
এগিয়ে যায় ‘একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা’ নাটকের মজার গল্প।
দীপ্ত টিভির পাঁচ দিনব্যাপী ঈদুল আজহার আয়োজনে প্রচার হবে একঘণ্টার বিশেষ এই নাটকটি।
শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে এটির চিত্রনাট্য তৈরি করেছেন যৌথভাবে আহমেদ খান হীরক ও ওয়াহিদুজ্জামান সবুজ। নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম জাহিদ।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, সাজু খাদেম, ঈশানা প্রমুখ।
সদ্যনির্মিত নাটকটি প্রসঙ্গে সাজু খাদেম জানান, ‘গল্পটা বেশ মজার। আমার চরিত্রটি আরও মজার। গল্পের শেষের দিকে দারুণ সারপ্রাইজ থাকবে দর্শকদের জন্য। দেখে মজা পাবেন।’



