‘কি হিংসে হয়? আমার মতো হতে চাও? বিশ্ববিখ্যাত, সেলিব্রেটি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক, অভিনেতা?’ এই কথাগুলো অস্ট্রিয়া প্রবাসী সিফাত উল্লাহ ওরফে সেফুদার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে এই সময়ের সবচেয়ে সমালোচিত ব্যক্তি তিনি।
বাংলাদেশ ও সমসাময়িক বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য আর অদ্ভুত, অশ্লীল ও বেপরোয়া কথার ভিডিও দিয়ে এখন তিনি ভাইরাল। বিশেষ করে তার বলা- ‘কি হিংসে হয়?’ ডায়লগটি তুমুল জনপ্রিয়তা পায় সর্বস্তরে। অনেক তারকাও এখন মজা করে ফেসবুকে নানা ছবি ও পোস্ট দিয়ে ক্যাপশনে লেখেন- কি হিংসে হয়?
সেই ডায়লগ নিয়ে এবার নির্মিত হচ্ছে নাটক। নাম একই- ‘কি হিংসে হয়?’। এটির চিত্রনাট্য ও নির্মাণ করছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। যিনি বেশক’টি টিভি অনুষ্ঠান সঞ্চালনার মধ্য দিয়ে সম্প্রতি জনপ্রিয়তা পান আকাশছোঁয়া।
জয় জানান, আজ (২৬ আগস্ট) থেকে ঢাকার অদূরে আমিনবাজারে নাটকটির শুটিং শুরু করেছেন। এতে প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন সোহানা সাবা, কল্যাণ কোরাইয়া ও গোলাম কিবরিয়া তানভীর। যেখানে সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করছেন কল্যাণ ও সাবা। অন্যদিকে সাবার হাজবেন্ড চরিত্রে তানভীর।
নাটকের গল্প কি তবে ‘সেফু দা’কে কেন্দ্র করে! জবাবে নির্মাতা নাজিম জয় জানান, তেমন কিছুই না। নামটি শুধু সেখান থেকে নেওয়া। বাকি গল্প একদম আলাদা।
জানা গেছে, এই নাটকে নির্মাতা নিজেও অভিনয় করছেন, একজন টিভি সঞ্চালকের চরিত্রে।
এদিকে সোহানা সাবা নাটকটির গল্প প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বললেন, ‘এখানে আমি একজন নায়িকা। কল্যাণ নায়ক। আমরা একসঙ্গে প্রচুর কাজ করি। অন্যদিকে আমার হাজবেন্ড তানভীর একজন প্রভাবশালী বিজনেসম্যান। যিনি আমাকে সন্দেহ করেন, কল্যাণকে ঘিরে। এভাবে অনেক টানাপড়েন শেষে আমি একদিন অতিথি হয়ে যাই জয় ভাইয়ার সঞ্চালনায় একটি টিভি টকশোতে। সেখানে ব্যক্তিগত নানা আলাপের মাধ্যমে আমাদের পারিবারিক সম্পর্কের ভুল বোঝাবুঝির অবসান ঘটে। তারপর আমরা সমস্বরে দর্শক কিংবা সমালোচকদের বলি- কি হিংসে হয়? এভাবেই শেষ হয় নাটকটির গল্প।’
এদিকে নির্মাতা-অভিনেতা-সঞ্চালক শাহরিয়ার নাজিম জয় জানান, ‘কি হিংসে হয়?’ নাটকটি শিগগিরই প্রচার হবে এটিএন বাংলায়।



