অভিনেত্রী শম্পা হাসনাইনের নতুন চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সম্প্রতি।
বিনা কর্তনে ছাড়পত্র পায় এটি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক নাসিম সাহনিক ও নায়িকা শম্পা।
নির্মাতা বলেন, ‘সেন্সর পাওয়ার পর আমি আনন্দিত। বাংলাদেশে গোয়েন্দা ধারার চলচ্চিত্র নিয়ে বেশ গোছানো পরিকল্পনা রয়েছে আমার। এই চলচ্চিত্রটি সেই পরিকল্পনার প্রথম প্রকাশ। এই সিনেমায় শখের গোয়েন্দার সাহসী অভিযান দেখানো হয়েছে।’
এর গল্প প্রসঙ্গে জানা যায়, ভুতুড়ে এক জমিদার বাড়ির গল্প নিয়েই ছবির কাহিনি। যেখানে সব রহস্যের উন্মোচন করে একদল গোয়েন্দা।
থ্রিলারধর্মী এই গল্পে সায়েন্স ফিকশনের ছোঁয়া রয়েছে।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শম্পা। আরও আছেন কচি খন্দকার, তারেক মাহমুদ, শিখা মৌ প্রমুখ।
শিগগিরই এটি মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হবে।



