জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আমজাদ হোসেন গুরুতর অসুস্থ। আজ (১৮ নভেম্বর) দুপুরে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাকে রাজধানী তেজগাঁওয়ের একটি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) রাখা হয়েছে।
পারিবারিক ও চ্যানেল আই সূত্রে জানা যায়, তাকে তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বাংলা ট্রিবিউনকে জানায়, আমজাদ হোসেনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন হাসপাতালের নিউরোলজি বিভাগের চিকিৎসক মহিউদ্দিন।
কর্তব্যরত এই চিকিৎসক জানান, আমজাদ হোসেন লাইফ সাপোর্টে আছেন। তিনি ঘুমের মধ্যেই স্ট্রোক করে খাট থেকে পড়ে যান। এরপর তাকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা গুরুতর।
ডা. মহিউদ্দিন আরও বলেন, ‘লাইফ সাপোর্টের মধ্যস্তরে আছেন তিনি। বড় আকারে স্ট্রোকের কারণে তিনি ঝুঁকির মধ্যেও আছেন। এরপর উনার মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হতে পারে। ৭২ ঘণ্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না।’
চলতি বছরই থাইল্যান্ডের সুকুমভিত হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি। সে সময় তার ক্ষুদ্রান্তে দুটি সফল অস্ত্রোপচার হয়েছিল।
৭৬ বছর বয়সী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব নানা ধরনের কাজের জন্য সমাদৃত। একধারে তিনি চলচ্চিত্র পরিচালনা, প্রযোজনা, গল্প, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক হিসেবে কাজ করছেন।
তিনি একাধিক চলচ্চিত্র জাতীয় পুরস্কারের সম্মান পেয়েছেন। নিজের কাজের স্বীকৃতিস্বরূপ একুশে পদক, স্বাধীনতা পদকসহ একাধিক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।



