৩০ বছরের ক্যারিয়ারে প্রথমবার অস্কার জিতলেন মার্কিন অভিনেত্রী রেজিনা কিং। ‘ইফ বিয়েল স্ট্রিট কুড টক’ ছবিতে সন্তানসম্ভবা মেয়ের দেখভাল করা মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য সোনালি মূর্তি উঠলো তার হাতে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে তার হাতে পুরস্কারটি তুলে দেন টিনা ফে, অ্যামি পোয়েলার ও মায়া রুডলফ।
ব্যারি জেনকিন্স পরিচালিত ‘ইফ বিয়েল স্ট্রিট কুড টক’ ছবির জন্য এর আগে গোল্ডেন গ্লোব ও ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড জিতে কিছুটা এগিয়ে ছিলেন রেজিনা কিং। প্রথমবার অস্কার মনোনয়ন পেয়েই পুরস্কারটি ঘরে নিলেন ৪৮ বছর বয়সী এই তারকা। ছবিটির গল্পে তার মেয়ের প্রেমিক নির্দোষ থাকার পরও কারাদণ্ড ভোগ করে। এ কারণে অন্তঃসত্ত্বা মেয়েটির জীবন বরবাদ হয়ে যায়। সেই সময়ে মেয়েকে কীভাবে আগলে রাখলেন মা তা ফুটিয়ে তুলেছেন রেজিনা। পুরস্কার গ্রহণের সময় চোখে অশ্রু নিয়ে দর্শক সারিতে বসে থাকা নিজের মাকে ধন্যবাদ জানান তিনি।
তবে পার্শ্ব-অভিনেত্রী বিভাগে জিততে পারতেন যে কেউ। মনোনীত অন্যরা হলেন অ্যামি অ্যাডামস (ভাইস), মেরিনা ডি তাভিরা (রোমা), এমা স্টোন (দ্য ফেভারিট), র্যাচেল ভাইস (দ্য ফেভারিট)। অ্যামি অ্যাডামস এ নিয়ে তৃতীয়বার মনোনয়ন পেলেও পুরস্কার জুটলো না।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে রবিবার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) শুরু হয় বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯১তম আয়োজন। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার হচ্ছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। বাংলাদেশের দর্শকরা ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে দেখতে পারছেন এবারের অস্কারযজ্ঞ।
এবারের অস্কারে কোন উপস্থাপক নেই। মূল আয়োজন শুরুর আগে এক ঘণ্টা ৫০০ ফুট দীর্ঘ লালগালিচায় পা মাড়িয়েছেন তারকারা। প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।



