৯১তম অস্কার: ভারতে নারীদের স্যানিটারি প্যাড বানানোর জয়

বিনোদন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪১

অস্কার মঞ্চে উচ্ছ্বসিত নির্মাতা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে পুরস্কার পেলো রাইকা জেহতাবচি পরিচালিত ‘পিরিয়ড. এন্ড অব সেনটেন্স’। এটি প্রযোজনা করেছে নেটফ্লিক্স।

২৬ মিনিট ব্যাপ্তির স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রটিতে তুলে ধরা হয়েছে ভারতের দিল্লির বাইরে হাপুর গ্রামে অল্প খরচে নারীদের স্যানিটারি প্যাড বানানোর যন্ত্র স্থাপনের গল্প। এর মাধ্যমে বানানো প্যাড নিজেরা ব্যবহারের পাশাপাশি সাশ্রয়ী মূল্যে অন্য নারীদের কাছে বিক্রি করেন তারা। এই প্যাডের নাম রাখা হয় ‘ফ্লাই’। 





তামিলনাড়ুর সমাজকর্মী অরুণাচালাম মুরুগানানথাম ভারতে প্রত্যন্ত অঞ্চলে নারীদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কম খরচে স্যানিটারি ন্যাপকিন মেশিন তৈরি করে বিপ্লব ঘটিয়েছিলেন। মেয়েদের মাসিককে ঘিরে চিরাচরিত কুসংস্কার ও অন্ধবিশ্বাসের প্রতি প্রথম আঙুল তোলেন তিনিই। আজ তিনি ভারতের গর্ব। ওই সমাজকর্মীকে ঘিরে বলিউডে নির্মিত ‘প্যাডম্যান’ প্রশংসিত হয়েছে।
অস্কার মঞ্চে ২৫ বছর বয়সী ইরানিয়ান-আমেরিকান নারী নির্মাতা রাইকা জেহতাবচি বলেন, ‘বিশ্বাস হচ্ছে না, মেয়েদের মাসিক বিষয়ক একটি ছবি অস্কার জিতলো!’ তিনি ছবিটির ভারতীয় প্রযোজক গুনীত মঙ্গাকে ধন্যবাদ জানাতে ভোলেননি। 
লস অ্যাঞ্জেলেসের অকউড স্কুলের একদল শিক্ষার্থী ও তাদের শিক্ষিকা মেলিসা বারটনের গড়া ‘দ্য প্যাড প্রজেক্ট’-এর অংশ হিসেবে তৈরি হয়েছে ‘পিরিয়ড. এন্ড অব সেনটেন্স’।


এবারের আসরে স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘ব্ল্যাক শিপ’, ‘এন্ড গেম’, ‘লাইফবোট’, ‘অ্যা নাইট অ্যাট দ্য গার্ডেন’।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে রবিবার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) শুরু হয় বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯১তম আয়োজন।
এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার হচ্ছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। বাংলাদেশের দর্শকরা ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে দেখতে পারছেন এবারের অস্কারযজ্ঞ।
এবারের অস্কারে কোনও উপস্থাপক নেই। মূল আয়োজন শুরুর আগে ৫০০ ফুট দীর্ঘ লালগালিচায় পা মাড়িয়েছেন তারকারা। প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প