পূজা চেরীর এ বছরের প্রথম কাজ হিসেবে আজ (১ মার্চ) মুক্তি পেল যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘প্রেম আমার-২’। ৬৬টি হলে দেখানো হবে ছবিটি। এটি প্রযোজনা করেছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনস।
দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠানটি ছবি মুক্তির আগে ব্যাপক প্রচারণার আয়োজন করলেও এবার তা করেনি। বরং প্রচারণার শুরুটা হচ্ছে আজ ছবি মুক্তির পর।
জাজ জানায়, আজ তারা রাজধানীর চারটি হলে শিল্পী ও কলাকুশলীসহ যাচ্ছেন। সেখানে দর্শকদের সঙ্গে মতবিনিময় ও প্রচারণায় অংশ নেবেন তারা।
এগুলোর মধ্যে বেলা ৩টায় শ্যামলী, সাড়ে চারটায় বলাকা, সন্ধ্যা ৬টায় চিত্রামহল ও সাড়ে ৭টায় মধুমিতা যাবেন ছবির নায়িকা পূজা চেরীসহ এর শিল্পীরা।
বিষয়টি নিয়ে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটিং প্রধান শাকিব সৌখিন বলেন, ‘মুক্তির আগে তুলনামূলক কম প্রচারণা হয়েছে। এ জন্য আমরা আজ প্রেক্ষাগৃহগুলোতে যাব।’
নায়িকা হিসেবে পূজা চেরীর অভিষেক হয়েছিল যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নূরজাহান’-এর মাধ্যমে। ছবিতে তার নায়ক ছিলেন কলকাতার আদৃত। তিনিও এবারের ছবিতে নায়ক হিসেবে আছেন।
ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তীর আরেক সহকারী বিদুলা ভট্টাচার্য।
২০০৯ সালে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর আলোচিত ছবি ‘প্রেম আমার’। ছবিটি দুই বাংলায় বেশ সাড়া ফেলে।



