সিনেমার পোস্টার দিয়ে আবার চমকে দিলেন তরুণ নির্মাতা রায়হান রাফী।
এর আগে তিনি নির্মাণ করেছিলেন ‘পোড়ামন-২’ ও ‘দহন’। বিশেষ করে ‘পোড়ামন-২’ চলচ্চিত্রের পোস্টারগুলো নিয়ে ফেসবুকে প্রচুর চর্চা হয়েছে। প্রশংসা পেয়েছেন ‘দহন’-এর পোস্টার নিয়েও।
এবার এই নির্মাতা আনছেন তার তৃতীয় চলচ্চিত্র ‘স্বপ্নবাজি’। আজ (২ মার্চ) ফেসবুকে তিনি পোস্টারটি প্রকাশ করেছেন।
যেখানে দেখা যায়, একজন নারীর ছবি দিয়ে তৈরি ছিঁড়ে যাওয়া একটি পোস্টার। ছিঁড়ে যাওয়া অংশ থেকে বেরিয়ে এলো নানা ঘটনার প্রতিচ্ছবি। অন্যদিকে পোস্টারে স্থান পাওয়া নারী অথবা নায়িকার ছবিটি কার? সেটি নিয়েও তৈরি হলো কৌতূহল।
জানা যায়, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির মানুষদের অন্তরালের গল্প নিয়ে সাজানো হচ্ছে ‘স্বপ্নবাজি’র গল্প। এটি প্রযোজনা করছেন ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন।
ছবিটির গল্প প্রসঙ্গে রাফী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি আমাদের পুরো ইন্ডাস্ট্রির গল্প। এখানে অনেক মডেল-নায়ক-নায়িকা আসেন স্বপ্ন নিয়ে। তারা টিকে থাকতে নানা ধরনের বাজি ধরেন। প্রেম, ভালোবাসা যেমন আছে, তেমনি আছে স্বার্থ আর কালো টাকার বাজি। কেউ টিকতে পারে, কেউ ধ্বংস হয়ে যায়। কেউ অবৈধ পথে চলে যায়। সমকামী, যৌনতার বিষয়ও ঘটে। পুরোটা মিলেই এই চলচ্চিত্র।’
ছবির শিল্পীরা কারা থাকছেন, তা এখনই বলতে চান না এই নির্মাতা। তার ভাষ্য, ‘‘এটা ‘মাল্টিকাস্ট’ ছবি। অনেক তারকা থাকবেন। তবে কেউই এখনও চূড়ান্ত নয়। ছবির তারকা নিয়েও অনেক বড় চমক থাকবে।’’
রাফী জানান, ২৪ মার্চ থেকে এ ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন। চলতি সপ্তাহেই ছবির কলাকুশলীদের নাম চূড়ান্ত হবে।



