গত ৭ মে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন একুশে পদকপ্রাপ্ত গায়ক সুবীর নন্দী। সদ্য প্রয়াত শিল্পী অসুস্থ হওয়ার আগে ৩০ মার্চ নতুন একটি গানের কণ্ঠ দিয়েছিলেন। আর এটি ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে।
গানের কথাগুলো এমন- ‘এখন কেমন আছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি/ এখন কোথায় আছে বঙ্গবন্ধুর কালো ফ্রেমের চশমাটি/ এখন কোথায় আছে বঙ্গবন্ধুর সেই ইজি চেয়ারটি/ এখন কোথায় আছে শেখ রাসেলের সেই ছবিটি।’
গানটি লিখেছেন সুজন হাজং । সুর করেছেন যাদু রিছিল। সংগীতায়োজনে আছেন সুমন কল্যাণ।
গীতিকার সুজন হাজংয়ের দাবি, এটাই ছিল সুবীর নন্দীর গাওয়া শেষ গান। তিনি বলেন, ‘‘সুবীর নন্দী এই গানটি গাইতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। স্মৃতিকাতর হয়ে তিনি বলেছিলেন ‘মনে হয় চোখের সামনেই ভেসে উঠছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি, তাঁর মোটা কালো ফ্রেমের চশমা, সেই ইজি চেয়ার এবং শেখ রাসেলের ছবিটি।’’
গানটি আজ (৯ মে) সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেল এস এইচ গ্লোবাল টিভিতে অবমুক্ত করা হবে।
উল্লেখ্য, গত ৭ মে ভোর সাড়ে চারটার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান সুবীর নন্দী। এর আগে গত ১৪ এপ্রিল রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও কন্যা। রাত ১১টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেওয়া হয়। হাসপাতালটির জরুরি বিভাগে হার্ট অ্যাটাক করেন এই নন্দিত শিল্পী। দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন সুবীর নন্দী। ৮ মে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।



