আসছে ১২ মে বিশ্ব মা দিবস। দিনটিকে সামনে রেখে প্রথমবারের মতো মাকে নিয়ে গান করেছেন গায়ক, সুরকার-সংগীত পরিচালক অদিত। শিরোনাম ‘বায়না’।
অদিতের সুর ও সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন ফয়সাল রদ্দি ও রাকিব হাসান রাহুল। অদিত জানান, অডিওর পর এরইমধ্যে গানটির ভিডিওর কাজও শেষ হয়েছে। মাকে হারানোর বেদনা নিয়ে সাজানে হয়েছে ভিডিওটির গল্প।
অদিতের তত্ত্বাবধানে ভিডিওটি নির্মাণ করেছেন এ কে পরাগ ও ভাস্কর জনি। ভিডিওতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম। বাবার চরিত্রে মনির খান শিমুল। তাদের সন্তানের চরিত্রে অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান ও সারিকা সাবা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন সংগীতশিল্পী মেহরীন, অভিনেতা এবিএম সুমন, নৃত্যশিল্পী হৃদি শেখ, গায়ক তৌফিক, ফয়সাল রদ্দি, রাকিব হাসান রাহুল, শায়ন প্রমুখ।
অদিত বলেন, ‘মা আমার কাছে আত্মিক এবং মানসিক প্রশান্তি দেওয়া একটি শব্দ। মা ও সন্তানের সম্পর্কের সাথে অন্য কিছুর তুলনা হয় না। পৃথিবীর সকল মা-ই তাদের সন্তানদের জন্য ত্যাগ স্বীকার করেন। আমার মা ও পৃথিবীর সকল মায়েদের প্রতি উৎসর্গ হিসেবে গানটি করেছি।’
তাসকিন রহমান বলেন, ‘প্রতিটি মানুষের কাছেই তার মা’ই পৃথিবীর সেরা। সন্তানদের জীবনে মায়ের ভূমিকার কথা বলে শেষ করা যাবে না। মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা থেকে কাজটি করা। দর্শকরা এই ভিডিওতে অন্য এক তাসকিনকে খুঁজে পাবে।’
অদিত আরও জানান, ১১ মে সন্ধ্যায় উত্তরার একটি রেস্তোরাঁয় ভিডিওটির প্রকাশনা অনুষ্ঠান হবে। তখনই এটি অবমুক্ত করা হবে 'দ্য ইন্ডাষ্ট্রি'র ইউটিউব চ্যানেলে। পাশাপাশি পাওয়া যাবে এর পৃষ্ঠপোষক মাইম ইন্টারনেটের ফেসবুক পেজে।



