নাটক-টেলিছবির পাশাপাশি প্রতি ঈদ উৎসবে টিভিতে থাকে চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার। নতুন ছবিগুলো প্রথমবারের মতো দেখানো হয় ছোট পর্দায়। এবারও সেই আয়োজন রাখছে চ্যানেল আই।
এবারের ঈদুল ফিতরেও ৭ দিনব্যাপী ঈদ আয়োজন নিয়ে সাজানো হচ্ছে চ্যানেলটির অনুষ্ঠানমালা। এখানে ৬দিনে থাকবে ৭টি ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।
ঈদের দিন চ্যানেল আইতে দেখানো হবে দুটি ছবি। এগুলো হলো- আমিরুল ইসলামের ‘আলোয় ভুবন ভরা’ ও হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রির যাত্রী’ ছবিটি। ঈদের দিন দুপুর সাড়ে ১১টায় প্রচার হবে ‘আলোয় ভুবন ভরা’ ছবিটি। এতে অভিনয় করেছেন সাইফ খান, মিষ্টি মারিয়া, আবদুল্লাহ রানা, অরুণা বিশ্বাস, মুকুল সিরাজ, কাঞ্চন প্রমুখ। বিকেল আড়াইটায় থাকছে ‘রাত্রির যাত্রী’ ছবিটি। এতে আছেন মৌসুমী, সালাহউদ্দিন লাভলু, এটিএম শামসুজ্জামান, অরুণা বিশ্বাস প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে সাইমন ও মাহিয়া মাহি অভিনীত ‘জান্নাত’। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। তৃতীয় দিন একই সময় প্রচার হবে শহিদুল আলম সাচ্চুর ‘ভালোবাসার উত্তাপ’। এতে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, আবদুল্লাহ রানা, ফারজানা চুমকি, ইমন, মিষ্টি মারিয়া, মুকুল সিরাজ, কাজী রাজু প্রমুখ। নাদির খান পরিচালিত ‘স্বামী হারা সুন্দরী’ ছবিটি প্রচার হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে। এতে অভিনয় করেছেন ফেরদৌস, পপি, অমিত হাসান প্রমুখ।
পঞ্চম দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে গোলাম মোস্তফা শিমুলের ‘নামতা’। এতে আছেন বীথী রানী সরকার, নাফিজা চৌধুরী, মোমেনা চৌধুরী, মম আলী, কাজী রাজু প্রমুখ। আর ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে ‘ব্ল্যাকমানি’। সাফি উদ্দিন সাফির পরিচালনায় এতে অভিনয় করেছেন কেয়া, সাইমন, মৌসুমী হামিদ প্রমুখ।



