গত ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শুরু হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া।
আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ৩৭ হাজার ২৪৩ জন এই প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করেন। সেখান থেকে অডিশনের জন্য ডাকা হয় মাত্র ৩০০ জনকে।
তাদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে বর্তমানে টিকে আছেন ৩৫ জন প্রতিযোগী। সৌন্দর্য, শিক্ষা, বুদ্ধিমত্তাসহ আরও কিছু যোগ্যতার ওপর ভিত্তি করে এসব প্রতিযোগীকে চূড়ান্ত করা হয়েছে।
৩৫ জনকে নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতার মূল পর্ব। এতে প্রধান তিন বিচারক হিসেবে রয়েছেন মৌসুমী, ফেরদৌস ও সৌন্দর্য বিশেষজ্ঞ ফারনাজ আলম।
মৌসুমী বলেন, ‘এটা অসাধারণ এক অভিজ্ঞতা। আমি কাজটি করে সত্যিই উপভোগ করছি। অনেক প্রতিযোগীর মাঝে নিজেকেও খুঁজে পাচ্ছি। এবারের আয়োজনে অনেক মেধাবী মুখ পাচ্ছি আমরা। এটা একটা পজিটিভ বিষয়।’
এদিকে সেরা ৩৫ জনকে নিয়ে চলছে নিয়মিত গ্রুমিং সেশন। উপস্থাপনা, নাচ, গান, অভিনয়, সামাজিকতা, মানবিকতাসহ নানা বিষয়ের ওপর জোর দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিযোগীদের। সেই সঙ্গে গুরুত্ব দেওয়া হচ্ছে গত বছরগুলোতে বিশ্বসুন্দরী মঞ্চে বাংলাদেশি সুন্দরীদের সীমাবদ্ধতাগুলোকেও।
এদিকে আয়োজকরা জানিয়েছেন, আগামীকাল (২৬ সেপ্টেম্বর) অডিশনের মাধ্যমে সেরা ৩৫ থেকে ‘টপ টোয়েন্টি’ বাছাই করা হবে। সেই ২০ জন প্রতিযোগী থেকে বের হয়ে আসবেন এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন লন্ডনে অনুষ্ঠিতব্য বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মূল মঞ্চে।
আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট এক মেইল বার্তায় জানায়, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের অডিশন পর্বগুলো আগামী ২৭ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্র ও সোমবার রাত ৮টায় প্রচার হবে।



