অ্যাকশন, কাট এবং শট ওকে। সফলভাবে কাজ শেষ করল এক শিশুশিল্পী। আর এ শিল্পীর বয়স মাত্র ২ মাস ২ দিন! তার আরও একটি পরিচয় আছে। সে তারকা দম্পতি মৌসুমী নাগ ও সোয়েব ইসলামের ছেলে, হৃদ্য। রবিবার মা মৌসুমীর সঙ্গে ‘দলছুট প্রজাপতি’ নাটকের দৃশ্যধারণে অংশ নেয় সে। এদিন তার সহশিল্পী ছিলেন রওনক হাসান ও মৌসুমী নাগ।
মৌসুমী বললেন, ‘এ ধারাবাহিক নাটকে আমাকে এর আগে গর্ববতী নারী হিসেবে দেখানো হয়েছিল। সেটার সামঞ্জস্য রাখার জন্য হৃদ্যকে ক্যামেরায় আনা। আমাদের বাসায় নাটকের দৃশ্যধারণটা করা হয়েছে। আর হৃদ্যকে পারিশ্রমিকও দিয়েছেন এর পরিচালক আরিফ খান।’
মাতৃগর্ভে থাকার সময় হৃদ্যের বয়স যখন ৬ মাস, তখন নাটকটিতে অভিনয় করেছিলেন মৌসুমী। চরিত্রটিও ছিল একজন গর্ভবতী নারীর।
চলতি বছরের ১৩ সেপ্টেম্বর জন্ম হৃদ্যের। তার পুরো নাম অরিত্রা হৃদ্য শোয়েব। সে মৌসুমী নাগ ও শোয়েবের প্রথম সন্তান।
শ্যুটিংয়ের সময় হৃদ্যর সঙ্গে মৌসুমী ও রওনক



