তানভীর আর মৌসুমী হামিদ- দুজনই দুজনকে ভালোবাসেন। একজন আরেকজনকে এক দিন দেখা ছাড়া থাকতে পারে না। তবে ক্যারিয়ারের দোহাই দিয়ে একটি মিথ্যা কথা বলে হঠাৎ করেই মৌসুমীকে ছেড়ে চলে যান তানভীর।
কিন্তু প্রকৃতি কখনওই শূন্যস্থান পছন্দ করে না। তাই তো মৌসুমীর জীবনে আসে অপূর্ব। ঘটনা এখানেই শেষ হলে পারতো। কিন্তু না, তানভীর একসময় তার ভুল বুঝতে পারে। মৌসুমীর জীবনে ফিরে আসতে চায়। এতদিনে সময় অনেক বদলে গেছে।
তবে এই বিচ্ছেদের গল্প মৌসুমী-তানভীর কিংবা অপূর্বের জীবনের বাস্তব কোনও গল্প নয়। ‘ব্রেকআপ-২’ নামের নাটকে এমনই চরিত্রে দেখা যাবে এই তিন অভিনয়শিল্পীকে। গত রমজানের ঈদে ‘ব্রেকআপ’ শিরোনামের একটি নাটক নির্মাণ করেছিলেন নির্মাতা মেহেদী হাসান জনি। যা মাছরাঙা টিভিতে প্রচার হয়েছিল। সম্প্রতি সেই নাটকটির সিক্যুয়েল নির্মাণ করলেন তিনি। যেখানে অভিনয় করেছেন অপূর্ব, তানভীর ও মৌসুমী হামিদ।



