টানা চার বছর নানা জটিলতা পেরিয়ে প্রায় শেষের দিকে ‘পেয়ারার সুবাস’-এর কাজ। জানালেন নির্মাতা নূরুল আলম আতিক।
তিনি জানান, গতকাল (৯ ফেব্রুয়ারি) জয়া আহসানের ডাবিং দিয়ে শেষ হলো ছবিটির সিংহভাগ কাজ। এখন বাকি শুধু কালার গ্রেডিং, সাউন্ড ও আবহসংগীত। এই কাজগুলোও দ্রুত শেষ হয়ে যাবে বলে আশা করছেন ছবিটির প্রযোজক শাহরিয়ার শাকিল।
ছবিটি প্রসঙ্গে নূরুল আলম আতিক বলেন, ‘বাঙালির বৈবাহিক যৌনজীবনে পুরুষের আধিপত্য নিয়ে প্রশ্ন তোলার গল্প এটি। যা প্রায় প্রতিটি বাঙালি নারীর অভিজ্ঞতাকে উপস্থাপন করবে বলে আমি বিশ্বাস করছি।’
ডাবিং শেষে প্রধান চরিত্রে রূপদানকারী অভিনেত্রী জয়া আহসানও ‘পেয়ারার সুবাস’ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘অবশেষে ছবিটি আলোর মুখ দেখতে যাচ্ছে, এটা বড় সুখবর। আশাকরি চলচ্চিত্রটি নতুন কিছু নিয়ে দর্শকদের মাঝে উপস্থিত হবে।’
সিরাজগঞ্জ ও ঢাকার বিভিন্ন লোকেশনে নির্মিত ‘পেয়ারার সুবাস’-এ জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলমসহ অনেকেই।
ছবিটি নির্মিত হচ্ছে আলফা আই-এর ব্যানারে।



