লন্ডনে যাচ্ছেন চিত্রনায়িকা নিপুণ। তবে কোনও চলচ্চিত্রের কাজে নয়, মেয়েকে দেখতে তার এ সফর। সেখানে নিপুণের একমাত্র মেয়ে তানিশা পড়াশোনা করে। তাই মেয়ের সঙ্গে নতুন বছরের প্রথম ক্ষণ পার করবেন ঢাকাই চলচ্চিত্রের এ নায়িকা।
নিপুণ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাত্র দশ দিনের জন্য লণ্ডন যাব। মূলত মেয়েকে দেখতে সেখানে যাওয়া। আগামী ২০ ডিসেম্বর বিমান ধরব। নতুন বছরের প্রথমদিন লন্ডন থেকে রওনা দেব।’
এদিকে আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাবে ফেরদৌস-নিপুণের নতুন ছবি ‘শোভনের স্বাধীনতা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রুদ্র রাইয়ান। এ ছাড়া আছেন ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, খায়রুল আলম সবুজ ও স্বাধীন খসরু। সরকারি অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য এ শিশুতোষ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মানিক মানবিক। রশীদ হায়দারের উপন্যাস ‘শোভনের স্বাধীনতা’রই চিত্রায়ণ এটি।
ছবি: সাজ্জাদ হোসেন
/এম/



