চলছে করোনাভাইরাসের কালবেলা। লকডাউনেও থামছে না সংক্রমণ। বিশেষ করে ভারতে এটি ‘হু হু’ করে বেড়েই চলছে। আর তো রয়েছে মাস্ক নিয়ে তুঘলকি কাণ্ড।
সরকারের তরফ থেকে প্রথমে ‘এন ৯৫’ মাস্কের কথা বলা হলেও পরে সেটি প্রায় নিষিদ্ধ করা হয়। জানানো হয়, কাপড়ের তৈরি তিন লেয়ারের মাস্কই যথেষ্ট। আর তাতেই জনগণ নিজেই কাপড় কেটে ‘যেমন তেমন’ করে মাস্ক তৈরিতে নেমে পড়েছেন। এমন অবস্থায় বলিউডের ভাইজান সালমান খানও ব্যস্ত। তৈরি করছেন মাস্ক। আর সেটি বিক্রির জন্য নিজেই মডেল হয়ে সামাজিক মাধ্যমে এসেছেন।
জানিয়েছেন, এখন থেকে তার প্রতিষ্ঠান মানসম্পন্ন মাস্ক তৈরি করবে। নিজের ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর তরফে মাস্ক বিক্রির কথা ঘোষণাও দিয়েছেন সালমান। সেই ব্র্যান্ডের মাস্ক পরেই ইনস্টাগ্রামে সম্প্রতি ছবি শেয়ার করেছেন অভিনেতা। আর তাতেই চটেছেন অনেকে।
বিইং সালমান খান অ্যাকাউন্ট থেকে জানানো হয়, যদি কেউ একটি মাস্ক কেনেন, প্রতিষ্ঠানের তরফ থেকে আরও একটি ফ্রি দেওয়া হবে।
করোনার এই ক্রান্তিকালে এমন ব্যবসায়িক মনোভাবে বেশ খেপেছেন নেটিজেনরা। সঙ্গে রয়েছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ইস্যুও।
এক ইউজার সালমানের ওপর ভয়ঙ্কর রেগে গিয়ে প্রশ্ন করেছেন, ‘আপনি নিশ্চিত আপনি এখনও মানুষ রয়েছেন? এত বছর তো মুখোশই পরেছিলেন আপনি।’ একজন লিখেছেন, ‘এখন এই ব্যক্তি মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ...লজ্জা সালমান।’
তবে করোনাতে শুধু ব্যবসা নয়, সালমান জনহিতকর কাজও করেছেন। নিজের অভিনয়ের জীবনে একাধিকবার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। তাই হয়তো কিছু দিন আগে মুম্বাই পুলিশের পাশে দাঁড়িয়েছিলেন ‘দাবাং’-খ্যাত এ নায়ক। শহর পুলিশের জন্য হ্যান্ড স্যানিটাইজার দান করেছেন তিনি।
সূত্র: দ্য ট্রিবিউন



