নিজেকে প্রতিনিয়ত ভাঙছেন ইমরান। সংগীত পরিচালক হিসেবে যেমন, কণ্ঠশিল্পী হিসেবেও তেমন।
সেই সূত্রে এবার তিনি হাজির কুমার শানুর গাওয়া তুমুল জনপ্রিয় গান ‘আমার মনের আকাশে আজ’-এর রিমেক ভার্সন নিয়ে। ‘প্রেমের প্রতিদান’ ছবির এই গানটি লিখেছেন নজরুল ইসলাম বাবু আর সুর দিয়েছিলেন শেখ সাদী খান।
অনুপম রেকর্ডিংয়ের উদ্যোগে নতুন করে ৯০ দশকের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীতায়োজনও করেছেন ইমরান। চলতি সপ্তাহে হয়েছে ব্যয়বহুল একটি ভিডিও শুটিং। সিলেটের বিভিন্ন লোকেশনে এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে ইমরানের বিপরীতে মডেল হয়েছেন মারিয়া নূনী।
ইমরান বলেন, ‘এই গানগুলো শুনে আমরা বড় হয়েছি। অসাধারণ একটি গান। চেষ্টা করেছি কথা-সুর ঠিক রেখে নিজের মতো গানটিকে তৈরি করার। গানটি আমি উৎসর্গ করতে চাই সুরস্রষ্টা শেখ সাদী খান স্যারকে।’
শিগগিরই গানটির ভিডিওটি প্রকাশ হবে অনুপম-এর ব্যানারে।
ইলিয়াস কাঞ্চন, দিতি, সোহেল চৌধুরী ও সুচরিতা অভিনীত ৯০ দশকের জনপ্রিয় সিনেমা ‘প্রেমের প্রতিদান’। এটি পরিচালনা করেছেন ফজলে আহমেদ বেনজীর।
এর আগে গেল বছর ইমরান আরও একটি তুমুল জনপ্রিয় পুরনো সিনেমার গানে কণ্ঠ দেন। আলম খানের সুরে এন্ড্রু কিশোর-সাবিনা ইয়াসমিনের গাওয়া এই গানটির শিরোনাম ‘এ জীবনে যারে চেয়েছি’। সেই গানের ভিডিও থেকে দারুণ সাড়া পেয়েছিলেন ইমরান।



