গত ২ অক্টোবর রাজবাড়ী জেলায় শুরু হয় মামুনুন হাসান ইমন ও নিশাত নাওয়ার সালওয়ারের নতুন ছবি ‘বীরত্ব’-এর শুটিং। মাসজুড়ে চলেছে এর কাজ।
শুটিংয়ের জন্য প্রথমবারের মতো যৌনপল্লী, দৌলতদিয়া ফেরিঘাট, গোয়ালন্দে তারা কাজ করেছেন। এবার ইতিটানা হচ্ছে তাদের রাজবাড়ী পর্ব। আজ (১ নভেম্বর) এটি শেষ হচ্ছে। আপাতত তারা যাচ্ছেন বিশ্রামে।
ছবির নায়ক ইমন বাংলা ট্রিবিউনকে গতকাল (৩১ অক্টোবর) বলেন, ‘আমাদের রাজবাড়ী অংশের কাজ শেষ হবে আগামীকাল। এরপর আমরা টানা ১৪ দিনের বিরতি নেব। ছবির পরের অংশের কাজ হবে ফরিদপুরে।’
সাইদুল ইসলাম রানা পরিচালিত এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো যৌনপল্লীতে কাজ করলেন এই অভিনেতা। ইমন বলেন, ‘এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। ছবির কাজের জন্য যৌনপল্লীর অভ্যন্তরে যেতে হয়েছে। মূলত আমি এতে একজন চিকিৎসক।’
চলচ্চিত্রে রাজু নামের চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন ইমন। একই ভূমিকায় আছেন নিশাতও। আর দ্বিতীয় ছবিতে কাজ করতে আসা এই নায়িকারও এমন অভিজ্ঞতাও প্রথমবার।
নিশাত বললেন, ‘এখানে অভিনয় করার জন্য আমাদের ফেরি, ট্রেনসহ অনেক যানবাহনে উঠতে হয়েছে। কাজও করেছি ব্যতিক্রমী সব স্পটে। আমরা যৌনপল্লী বলতেই যৌনতার কথা ভাবি, কিন্তু বাস্তবে এখানে অনেক গল্প থাকে। যা আমাদের কখনও ভাবায় না।’
তারা জানান, শীতের মধ্যে বেশ কিছু দৃশ্য হবে ফরিদপুরে। এটি শুরু হবে ১৫ নভেম্বর থেকে। চলবে সে মাসের ২৫ তারিখ পর্যন্ত।
পিংপং এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘বীরত্ব’। সিনেমাটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপ করেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা নিজেই।



