জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া রাত-বিরেতে হাইওয়ে ধরে ঘুরে বেড়াচ্ছেন। তাহসানের লম্বা চুল, অর্চিতার পরনে গলাবন্ধ ব্লাউজ-সাদা শাড়ি। এভাবে তাদের সাধারণত দেখা যায় না। তাও আবার চলছে করোনাকাল।
আর শুধু একদিন নয়, বেশ কয়েকদিন তারা এভাবে ঘুরে বেড়িয়েছেন। কারণটা কী?
অবশেষে কারণ জানালেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল।
বললেন, ‘‘তাদের ঘোরাঘুরি আপাতত শেষ। আজকেই (৪ নভেম্বর) ঢাকা ফিরলাম। গত দুই সপ্তাহ মানিকগঞ্জ, সিঙ্গাইর ও এর আশপাশে চলেছে আমাদের এই ট্যুর। তারা অংশ নিয়েছেন আমার নতুন ওয়েব চলচ্চিত্র ‘ছক: দ্য মেইজ’-এ।’’
জানা যায়, একেবারে ভিন্নভাবে হাজির হবেন তাহসান। পরিচালকের দাবি, এমন চরিত্রে তাকে কেউ দেখেনি আগে।
দোদুল আরও বলেন, ‘‘গল্প বা চরিত্র এখনই বলছি না। তবে এটির মধ্যে আছে বেশ কিছু ধাঁধা। যে কারণে ছবির বাংলা নামের পাশে ‘দ্য মেইজ’ শব্দ রাখা। আমরা লালবাগ কেল্লায় গেলে যেমন একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে বের হতে পারতাম না, গোলকধাঁধা লাগতো, তেমনি এর গল্প। তাই সেখান থেকেই নামটি নেওয়া। এর গল্প পুরোপুরি রহস্যঘেরা, থ্রিলার।’’
জানান, ছবির ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকিটুকু এ মাসেই হবে। ওয়েব চলচ্চিত্রটি ‘সিনেম্যাটিক’ নামের একটি ওটিটি প্ল্যাটফর্মে শিগগিরই মুক্তি পাবে।
প্রতিষ্ঠানটি এটিসহ আরও বেশ কয়েকটি ওয়েব চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছে শিগগিরই।



