‘যদি...কিন্তু...তবুও’ শিহাব শাহীন পরিচালিত নতুন ওয়েব সিনেমা। রোমান্টিক ও কমেডি ধারার এই চলচ্চিত্রে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ফারিয়া।
প্রথমে শুটিং শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি। নানা কারণে সেটি পিছিয়ে যায়। তারপর ১০ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও দেশে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ায় থেমে যায় এর কাজ।
রোগটির প্রাদুর্ভাব কমে এলে পরিচালক আবারও প্রস্তুতি নেন। নতুন তারিখ ঠিক করা হয় ২৮ অক্টোবর। এরপর কথা ছিল আজ (৮ নভেম্বর) ক্যামেরার সামনে দাঁড়াবেন অপূর্ব ও ফারিয়া। তবে এবারও তা হলো না। কারণ, ছবির কেন্দ্রীয় অভিনেতা অপূর্ব এখন হাসপাতালে ভর্তি। লড়ছেন করোনার সঙ্গে।
ছবিটি নিয়ে নায়িকা নুসরাত ফারিয়া বলেন, ‘আজ (৮ নভেম্বর) আমার ও অপূর্ব ভাইয়ের ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু তা হলো না। সৃষ্টিকর্তা হয়তো ভালো কোনও পরিকল্পনা আমাদের জন্য সাজিয়েছেন।’
২৮ অক্টোবর ১ দিনের জন্য শুটিং করেছিলেন শিহাব শাহীন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেদিন একদিনের শুট হয়। টিমের অল্প একটু কাজ ছিল। তবে অপূর্ব ও ফারিয়ার কাজ আজ (৮ নভেম্বর) থেকে শুরু করার কথা ছিল। আশা করছি চলতি মাসের শেষ বা আগামী মাসের শুরুতে কাজটি আরম্ভ করতে পারবো। তারচেয়ে বড় বিষয় অপূর্বর সুস্থতা। ও ফিট না হলে তো শুটিংয়ে যাবো না।’
১২০ মিনিট দৈর্ঘ্যের নতুন চলচ্চিত্র ‘যদি...কিন্তু...তবুও’-এ আরও অভিনয় করছেন তারিক আনাম খান, সাফায়েত মনসুর রানা প্রমুখ। এটি ভারতীয় অ্যাপ জি-৫-এর জন্য তৈরি হচ্ছে।




