লাইফ সাপোর্টেও এখন আর সাড়া দিচ্ছেন না কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শুক্রবার (১৩ নভেম্বর) লাইফ সাপোর্টের নেওয়ার পর ৩০ ঘণ্টার মধ্যে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।
এমনটাই জানিয়েছেন চিকিৎসক অরিন্দম কর।
তিনি বলেন, ‘আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত ৪০ দিন ধরে সব রকম প্রচেষ্টা চালিয়েছি। তার অবস্থা আরও সংকটজনক হয়েছে। সৌমিত্রকে নিয়ে এখন অলৌকিকেই ভরসা করতে হবে আমাদের।’
শনিবার রাতেই হাসপাতালে আসার জন্য সৌমিত্রর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তিন দিন আগেই শ্বাসনালিতে অস্ত্রোপচার হয় এই অভিনেতার। অস্ত্রোপচার সফল হয়। চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাকই কাজ করছে। তবে তিনি খুব দুর্বল। এরপর সৌমিত্রের শরীরে প্লাজমা থেরাপিও করা হয়।
গত ৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি আছেন ৮৫ বছরের এই প্রখ্যাত অভিনেতা।
সূত্র: হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা



