জনপ্রিয় নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ আজ (১১ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে। রাজধানীসহ সারাদেশের ২৬টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিয়াম আহমেদ ও পরীমনির এ চলচ্চিত্রটি।
হলের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন চয়নিকা চৌধুরী।
তিনি বলেন, ‘আমরা চাইছিলাম চলতি বছরই মুক্তি পাক ছবিটি। তবে করোনা পরিস্থিতির কথাও আমাদের মাথায় আছে। সে কারণে অল্পসংখ্যক হলে ছবিটি মুক্তি পাচ্ছে।’
রাজধানীর স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী সিনেমা হল, চিত্রামহল, আনন্দ ও সৈনিক ক্লাবে মুক্তি পাবে ‘বিশ্বসুন্দরী’। এর মাধ্যমেই করোনায় বন্ধ থাকা শ্যামলী সিনেপ্লেক্স আবার চালু হচ্ছে।
চয়নিকা বলেন, ‘আমার প্রথম সিনেমা সন্তানের মতো। সিনেমাটি সব দিক থেকে ভালো করার চেষ্টার কোনও কমতি আমি রাখিনি। যারা ছবির সমালোচনা করেন, তাদের অনুরোধ করবো, ছবিটি দেখুন। কয়েক সপ্তাহ সময় দিন। আগেই রিভিউ লিখলে ছবিটি যেন স্পয়লার না হয়।’
ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। ‘বিশ্বসুন্দরী’ দেশব্যাপী পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। ছবির সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন।
বিভিন্ন চরিত্রে ছবিটিতে আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ অনেকে।



