প্রথমবারের মতো জুটি বেঁধে হাজির হচ্ছেন বড় পর্দার আলোচিত তারকা নিরব হোসাইন ও পূজা চেরী। ছবির নাম ‘ক্যাশ’। এটি পরিচালনা করছেন সৈকত নাসির।
এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগী জান্নাতুল এভ্রিলও। পাশাপাশি সাঞ্জ জনসহ একঝাঁক উদীয়মানও ছবিতে যুক্ত হচ্ছেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন সৈকত।
তিনি বলেন, ‘‘ক্যাশ’ ছবির জন্য পূজাকে চূড়ান্ত করেছি। তার নায়ক নিরব। এছাড়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মঞ্চ থেকে উঠে আসা এভ্রিল এ ছবির মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এর আগে একাধিক নাটক, মিউজিক ভিডিও করলেও আশা করি, ‘ক্যাশ’-ই হতে যাচ্ছে তার প্রথম ছবি।’’
চলচ্চিত্রটির অন্য নবাগতরা হলেন- এল আর খান সীমান্ত, ফারহান খান রিও ও জন জাহিদ। সিনেমার গল্প ও সংলাপ লিখছেন আসাদ জামান।
‘ক্যাশ’ প্রযোজনা করছে স্বদেশ এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটি জানায়, ৩ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে সিনেমাটির।
অন্যদিকে ছবির ধরন প্রসঙ্গে পরিচালক জানান, ‘ক্যাশ’ পুরোপুরি মাস্টারমাইন্ড টাইপের কনটেন্ট। শুটিং হবে নির্দিষ্ট জোনে। তাই আগেই কোনোভাবে গল্পের ধারণা দিতে চান না তিনি।



