এলিটা করিম ও জয় শাহরিয়ার, সংগীতের বাইরেও দু’জনার সম্পর্ক অনেকটাই আত্মিক। অথচ কাগজে-কলমে তাদের দূরত্ব দাঁড়ালো ঠিক ১০ বছরে!
না, জটিল কিছু নয়। ঠিক ১০ বছর আগে ২০১১ সালে প্রথম দ্বৈত গান করেন এলিটা-জয়। ‘ভালোবাসি’ শিরোনামের গানটি স্থান পায় জয়ের দ্বিতীয় একক অ্যালবামে। গানটি প্রশংসাও পায়। এরপর আর তাদের দ্বৈত গান করা হয়নি। অথচ মাঝের ১০ বছর দুজনেই অসংখ্য দ্বৈত গান গেয়েছেন অন্য অনেকের সঙ্গে।
এই দূরত্ব আপাতত ঘুচলো ২০২১ সালে এসে (১০ ফেব্রুয়ারি), রাজধানীর আজব রেকর্ডস-এ। টানা ১০ বছর পর এদিন সন্ধ্যায় ফের তারা কণ্ঠ দেন একই গানে। যথারীতি এবারও গানটির সুর বেঁধেছেন জয় শাহরিয়ার। ‘তুমি আসবে’ শিরোনামের গানটি লিখেছেন সোমেশ্বর অলি।
কিন্তু সম্পর্কের অবনতি না হলে বিরতির দৈর্ঘ্য এত দীর্ঘ কেন হবে!
জবাবে জয় বলেন, ‘মাঝের ১০ বছর আমাদের সম্পর্ক আরও উন্নত হয়েছে বরং। এরমধ্যে আমরা অনেক প্রজেক্ট করেছি। তবে কাকতালীয় সত্য, দ্বৈত গান আর গাওয়া হলো না। এবং এ বিষয়টি আমাদের মাথাতেও ছিল না। যেটা এখন মনে করে অবাকই হচ্ছি দু’জনে। তবে ১০ বছর পরে হলেও যদি ভালো কিছু হয়, হোক না। আমাদের আত্মিক সম্পর্কটা আসলে সেখানেই, কিছু ভালো গান করা। ফলে এই বিলম্ব মোটেই দীর্ঘ নয়।’
সঙ্গে এটুকুও যোগ করেন জয়, ‘মানুষ হিসেবে তো বটেই, এলিটা আপু আমার সবচেয়ে প্রিয় কয়েকজন কণ্ঠশিল্পীর মধ্যে অন্যতম।’
স্পষ্ট করা দরকার, আজব রেকর্ডস-এর ব্যানারে নির্মাণচলতি ‘তুমি আসবে’ গানটি ভালোবাসা দিবসে আসছে না। এটি নিয়ে সংশ্লিষ্টদের প্রস্তুতি চলছে বেশ। লক্ষ্য ঈদে মুক্তি দেওয়া। তার আগে হবে একটি কাব্যনির্ভর ভিডিও। যেখানে থাকবে একটু আলাদা কিছু। কারণ, ১০ বছর পর...।
গেলো ডিসেম্বরে আয়োজিত ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এ শ্রেষ্ঠ আধুনিক গানের শিল্পী হিসেবে সর্বশেষ পুরস্কার ঘরে তোলেন এলিটা করিম। আর এই স্বীকৃতি পান জয় শাহরিয়ারের কথা-সুরে ‘আকাশ এবং তুমি’ গানটির সুবাদে।




