২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ‘গজনি’ ছবিতে সবার চক্ষু চড়কগাছ করে দিয়েছিলেন আমির খান। নিজেকে আমূল বদলে সামনে এনেছিলেন এইট-প্যাক অ্যাবস। যা দেখে চমকে গিয়েছিল সিক্স প্যাক নায়করাও।
এর ৮ বছর পর বডি ট্যান্সফরমেশনসকে ‘ডালভাত’ পর্যায়ে নামিয়ে এনেছিলেন মি. পারফেকশনিস্ট আমির।
‘দাঙ্গাল’ ছবির জন্য ওজন নিয়ে গিয়েছিলেন ১২০ কেজির ঘরে! একই ছবিতে আবার পেশিবহুল হিসেবে হাজির হতে ওজন নামিয়ে এনেছিলেন ৭০ কেজিতে।
এবার ‘বাপ কা বেটা’র সম্মানটা ধরে রাখলেন আমিরপুত্র জুনাইদ খান।
বলিউডে তার অভিষেক হচ্ছে ‘মহারাজ’ দিয়ে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এর কাজ। আর এ জন্য বাবার মতোই ঘাম ঝরিয়ে স্থূল দেহকে করেছেন একেবারে হালকা। সম্প্রতি আমির, জুনাইদ ও তার বোন ইরাকে নিয়ে একটি রোস্তরাঁয় খেতে গিয়েছিলেন। সেখানে করা জুনাইদের ভিডিওতে চমকে গেছেন অনেকেই।
গত বছরও তার ওজন ছিল ১০০ কেজির কাছাকাছি। নতুন ছবির জন্য নাকি তিনি পাঁচ মাস ধরে প্রস্তুতি নিয়েছেন। নতুন ভিডিওতে মনে হয়েছে, সে পরিশ্রম কাজে এসেছে। শরীরের পুরো চর্বি ঝরিয়ে ‘লিকলিকে’ হয়েছেন এই নব্য তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা চললেও এটি নিয়ে মুখ খোলেনি খান পরিবারের কেউ-ই।
এদিকে, ‘মহারাজ’ চলচ্চিত্র তৈরি হচ্ছে যশরাজ ফিল্মসের ব্যানারে। গুজরাটের সাংবাদিক, লেখক ও সমাজ সংস্কারক কর্সনদাস মুলজিরের জীবনীমূলক এই ছবির হাল ধরছেন ‘হিচকি’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ মালহোত্রা।
১৮৬২ সালে চাঞ্চল্যকর ‘মহারাজের মিথ্যা মামলা’র ওপর নির্মিত এটি। জুনাইদ অভিনয় করছেন মুলজি’র ভূমিকায়। ছবিতে আরও অভিনয় করছেন অর্জুন রেড্ডি, অভিনেত্রী শালিনী পান্ডে , শর্বরী ওয়াগ ও জয়দীপ আহলায়াত।
সূত্র: ইন্ডিয়া টুডে, ইনস্টাগ্রাম




